ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া পৃথক দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিজ্ঞাপন
রোববার (২২ মার্চ) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কুমিল্লার পদুয়াবাজার রেলগেটে সংঘটিত দুর্ঘটনার দায় শুধু লাইনম্যানের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। এ ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ত্রুটি ও সার্বিক ব্যবস্থার দুর্বলতা খতিয়ে দেখা প্রয়োজন। রেলের অব্যবস্থাপনার কারণে ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা উদ্বেগজনক বলেও তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, উৎসবের সময় মানুষের যাতায়াত বেড়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। সবাইকে ঝুঁকিপূর্ণ চলাচল এড়িয়ে নিরাপদ থাকার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং তাদের স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি।
বিজ্ঞাপন
এমআর/এমআই

