সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

বিএনপি একসময় গণভোটের প্রচার চালিয়েছে, এখন অবজ্ঞা করছে: নাহিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

nahid
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, ‘বিএনপি একসময় গণভোটের পক্ষে প্রচার চালালেও এখন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটিকে অবজ্ঞা করার চেষ্টা করছে।’

রোববার (১৫ মার্চ) সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। 


বিজ্ঞাপন


নাহিদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানই বর্তমান সংস্কার প্রক্রিয়া, অন্তর্র্বতী সরকার এবং এই নির্বাচনের মূল ভিত্তি ও বৈধতা। সব বিষয় শুধু সংবিধানের ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

বিরোধীদলীয় এমপি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই কমিশনের কোনো কার্যক্রমকে এখন অসাংবিধানিক বলার সুযোগ নেই। জনগণের রায় সংস্কারের পক্ষে আসার পরও সংসদ সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

গণভোটের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, গণভোট কোনো নতুন বিষয় নয়; অতীতেও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এ ধরনের বিষয় মীমাংসা হয়েছে। বিএনপির অনেক সংসদ সদস্য এবং দলীয় প্রধানও একসময় গণভোটের পক্ষে প্রচার চালিয়েছিলেন। কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটিকে উপেক্ষা করা হচ্ছে।

ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর তিন দলীয় জোটের রূপরেখা ভঙ্গ করায় তৎকালীন সরকারকে চড়া মূল্য দিতে হয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা না নিলে দেশে আবারও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে।


বিজ্ঞাপন


অধিবেশন শেষে এনসিপির আরেক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট দেশের রাষ্ট্রীয় পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন ছিল। সে সময় সার্বভৌমত্ব রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে নানা সিদ্ধান্ত নিতে হয়েছিল।

গণভোট নিয়ে সংসদের বর্তমান অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রপতি যে গণভোটের আদেশ দিয়েছেন, সেটিকে এখন অসাংবিধানিক বলা হচ্ছে। অথচ একই প্রক্রিয়ায় হওয়া সংসদীয় নির্বাচনকে সাংবিধানিক বলা হচ্ছে। এটি একটি দ্বিমুখী অবস্থান।

তিনি বলেন, অর্ধেক মানলাম আর অর্ধেক মানলাম না—এ ধরনের ডুয়েল অবস্থান স্পষ্ট নয়। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দলীয়ভাবে আলোচনা শেষে এনসিপি তাদের পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর