সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

জামায়াতকে আলহামদুলিল্লাহ বলতে বললেন সংসদ সদস্য মনিরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

জামায়াতকে আলহামদুলিল্লাহ বলতে বললেন সংসদ সদস্য মনিরুল

যে সংখ্যক আসন নিয়ে জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায় আসতে পেরেছে জামায়াতে ইসলামী, সে জন্য তাদের আলহামদুলিল্লাহ বলা উচিত বলে মনে করেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এর নেপথ্যে খালেদা জিয়ার অবদান স্মরণ করার কথাও বলেন তিনি।

তিনি বলেন, এত সংখ্যক সদস্য নিয়ে সংসদে আসার পর যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত, তারা হলো জামায়াতে ইসলামী বাংলাদেশ। কিন্তু আজ আমাদের সম্পর্ক নিয়েই প্রশ্ন উঠেছে। আমরা কিছু জীবিত মুক্তিযোদ্ধা আছি, যাদের আজ প্রশ্ন করতে হয়— মুক্তিযুদ্ধ ও ২৪–এর যুদ্ধ কি এক কাতারে হলো।


বিজ্ঞাপন


রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় তিনি জামায়াতকে খালেদা জিয়ার কথা স্মরণ করার পরামর্শ দিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতি, দেশ ও মানুষের স্বার্থে বিরোধী দলের নানা বিরোধ উপেক্ষা করে জামায়াতের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। আপনারা রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, অথচ এর পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানটুকুও স্মরণ করেন না। বরং মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ। যেমন জাসদ একসময় মনে করত আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ। এতে ইতিহাসে দেশ কোথায় গিয়েছিল, তা বিবেচনা করার মতো বুদ্ধি-বিদ্যা আপনাদের সবারই আছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের আমলে বিচারের নামে অন্যায় হয়ে থাকলে সেটি ভিন্ন কথা। আমি মহান সংসদে এই প্রশ্নটি রেখে শুধু জামায়াতকে একটি কথা বলতে চাই। স্বাধীনতার পরে কিংবা এনসিপির নেতাদের বয়স কম হলেও আমি তাদের শ্রদ্ধা করি। কারণ তারা সাহসী সন্তান, এ যুগের চাহিদা।

এই সংসদ সদস্য বলেন, স্বাধীনতার পর একটি মেধাবী শ্রেণি উঠে এসেছিল, যারা জাসদ গঠন করেছিল। বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আল্লাহ যেন আমাদের সবকিছু হজম করার তৌফিক দেন। ৯১–এর সংসদে আপনাদের সঙ্গে কাজ করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন তোলেন, তখন মনে হয় এই দেশে ১৫–২০ বছর বিএনপি ছিল না।


বিজ্ঞাপন


এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর