রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

কর্মী নিহতের ঘটনায় নিন্দা জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

কর্মী নিহতের ঘটনায় নিন্দা জামায়াতের
কর্মী নিহতের ঘটনায় নিন্দা জামায়াতের

রাজশাহীতে দলের কর্মী নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।


বিজ্ঞাপন


এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ৭ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে মডেল মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিনের সন্তানদের সাথে বিএনপির নেতাকর্মীদের বাকবিতন্ডা শুরু হয়। এ সময় মুয়াজ্জিন মো. আলাউদ্দিন ছেলেদের নিবৃত্ত করতে আসলে বিএনপির নেতাকর্মীরা মো. আলাউদ্দিনের ওপর হামলা করে। এতে তিনি নিহত হন। আমি এই হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, একটি ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে সংঘটিত এই সহিংস ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একজন মসজিদের মুয়াজ্জিনকে এভাবে হত্যা করার ঘটনা গোটা সমাজের জন্যই বেদনাদায়ক। মসজিদ হলো মুসলমানদের ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্বের স্থান; সেখানে কোনো ধরনের সংঘর্ষ বা সহিংসতার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াতের এই নেতা বলেন, নিহত মো. আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকায় একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। আমি তার নিহত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত।

তিনি আরও বলেন, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দায়ীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করছি।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর