বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

নৈতিক মূল্যবোধ সম্পন্ন রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৯:০৪ এএম

শেয়ার করুন:

নৈতিক মূল্যবোধ সম্পন্ন রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: নুরুল হক নুর

নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করতে চায় গণঅধিকার পরিষদ—এমন মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, ক্ষমতার প্রভাব খাটানো বা ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার না করে নৈতিক মূল্যবোধকে সামনে রেখে রাজনীতি করতে হবে।

শনিবার (৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সৌজন্যে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

নুরুল হক নুর বলেন, ২০১৮ সাল থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের রাজনীতি এগিয়ে এসেছে। অতীতে দলের পরিচয় দেওয়ার কারণে অনেক নেতাকর্মী শারীরিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং ইতিবাচক সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের নাম বা সভাপতি সরকারের অংশ—এই পরিচয় ব্যবহার করে কেউ যেন প্রভাব বিস্তার না করেন। ইউএনও অফিস, থানা বা অন্য কোনো সরকারি দপ্তরে গিয়ে প্রভাব খাটানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এতে দল বিতর্কিত হতে পারে বলেও সতর্ক করেন নুর।

নুরুল হক নুর বলেন, রাজনীতিতে এখনও অনেক দূর যেতে হবে। তাই আদর্শ ও নীতিনৈতিকতা বজায় রেখে এগোতে হবে। যদি রাজনীতির লক্ষ্য শুধু ক্ষমতায় গিয়ে লুটপাট করা হয়, তবে সেই রাজনীতির কোনো আদর্শ থাকে না। গণঅধিকার পরিষদ মানুষের সামনে নৈতিক মূল্যবোধভিত্তিক রাজনীতির উদাহরণ দাঁড় করাতে চায়।

তিনি আরও বলেন, নেতাকর্মীরা যেন নিজেদের পেশা, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় থাকেন এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে কাজ করেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশ নিতে আগ্রহী, তাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। দলীয়ভাবে সময়মতো প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান নুর।

অনুষ্ঠানে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। তিনি বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের জন্ম হয়েছে। শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দলটি সোচ্চার ছিল।

তিনি আরও বলেন, সারাদেশে বিপুল সংখ্যক নেতাকর্মী থাকলেও সাংগঠনিকভাবে দলটি এখনও পূর্ণ শক্তি অর্জন করতে পারেনি। আগামী নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করে স্থানীয় ও জাতীয় নির্বাচনে দৃঢ় অবস্থান তৈরির লক্ষ্যে সারাদেশের নেতৃবৃন্দকে কাজ করার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে জোটে থাকলেও দেশের স্বার্থে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ডেন্টিস্ট জাফর মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান এবং প্রবাসী অধিকার পরিষদের নেতা রাসেদুল ইসলাম রিয়াদ প্রমুখ।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর