রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

উত্তরায় জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি, অসহায়দের ঈদের কেনাকাটার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ১০:৫২ পিএম

শেয়ার করুন:

উত্তরায় জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি, অসহায়দের ঈদের কেনাকাটার সুযোগ
কথা বলছেন ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: সংগৃহীত

রাজনীতিকে কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের কল্যাণ ও আর্তমানবতার মুক্তির জন্য কাজে লাগাতে রাজনৈতিক নেতাকর্মীদের ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরার আজমপুরের বিডিআর মার্কেটে উত্তরা জামায়াত আয়োজিত ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কর্মসূচির উদ্বোধনী দিনে ২৫ জন অসহায় মানুষকে তাঁদের ইচ্ছামতো ঈদের কেনাকাটা করার সুযোগ দেওয়া হয়। এ ব্যয় বহন করে উত্তরা জামায়াত।


বিজ্ঞাপন


কর্মসূচি চলাকালে মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত হয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন এবং উদ্যোগটির প্রশংসা করেন। পরে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পূর্ব অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, উত্তরা ১ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মাহফুজার রহমান, তুরাগ মধ্য থানা নায়েবে আমির কামরুল হাসান ও বদিউজ্জামাল বকুল প্রমুখ।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আল্লাহ মানুষকে আত্মকেন্দ্রিক হয়ে থাকার জন্য দুনিয়ায় পাঠাননি; বরং মানুষের কল্যাণে কাজ করার দায়িত্ব দিয়েছেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধীসহ সব নাগরিকের সমস্যার সমাধান রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু দেশে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় মানুষ রাষ্ট্রীয় কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। তাই মানুষের মুক্তির জন্য রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, সমাজের অসহায় মানুষ যেন মূল ধারার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ২৫ জনকে এ কর্মসূচির আওতায় ইচ্ছামতো ঈদের বাজার করার সুযোগ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

picture


বিজ্ঞাপন


প্রান্তিক মানুষের ঈদকে আনন্দময় করতে রাজনৈতিক দল ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

এ সময় তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করা সবার নৈতিক দায়িত্ব। মহানগর জামায়াতের পক্ষ থেকে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, যা থেকে অনেক মানুষ উপকৃত হচ্ছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসকের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, বিদায়ী প্রশাসক ১ হাজার ২০০ কোটি টাকা রেখে যাওয়ার কথা বললেও নতুন প্রশাসনের পক্ষ থেকে ২৫ কোটি টাকার স্থিতির কথা বলা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারকে জরুরি তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি একটি আধুনিক ও সুযোগ-সুবিধাসম্পন্ন ডিএনসিসি গড়ে তুলতে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে নগর প্রশাসনের দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান তিনি।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর