শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

জুলাইয়ের মাধ্যমে রাজনীতির সুযোগ পেয়ে বিএনপি গাদ্দারি করছে: শিবির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ১১:০০ পিএম

শেয়ার করুন:

জুলাইয়ের মাধ্যমে রাজনীতির সুযোগ পেয়ে বিএনপি গাদ্দারি করছে: শিবির

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা রাজনীতিতে নতুন করে সুযোগ পেয়েছে, তারাই এখন সেই অভ্যুত্থানের চেতনার সঙ্গে গাদ্দারি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, জনগণের আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী একটি রাজনৈতিক দল হলেও তারা এখন সেই গণআন্দোলনের ম্যান্ডেটকে অস্বীকার করার চেষ্টা করছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলটির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কর্নেল অলি আহমেদ, রাশেদ প্রধান, আহমদ আলী কাসেমী এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।


বিজ্ঞাপন


সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন উঠেছে। জনগণ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করলেও বাস্তবে প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা দেশের গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

তিনি অভিযোগ করেন, সরকার গঠনের পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিভিন্ন স্থানে নারী নির্যাতন, ধর্ষণ এবং মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পাশাপাশি বিরোধী মতের ওপর ধারাবাহিক হামলার ঘটনাও দেখা যাচ্ছে।

নূরুল ইসলাম বলেন, সম্প্রতি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সাংবাদিক সমিতি দখলের চেষ্টাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজার মূল উদ্দেশ্য মানুষকে তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা মানুষের জীবনে অসংখ্য নিয়ামত দান করেছেন, আর রমজান সেই নিয়ামতগুলোর মূল্য উপলব্ধি করার একটি গুরুত্বপূর্ণ সময়।


বিজ্ঞাপন


ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, ইসলামী স্কলার, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়াও নবনির্বাচিত সংসদ সদস্য, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টিএই/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর