চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সহায়তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ মার্চ) বেলা ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় হোসেন আলীর সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপদেষ্টা আবুল কাশেমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ সময় প্রতিনিধি দলটি হোসেন আলীর পরিবারের খোঁজখবর নেয় এবং তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়। পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য নতুন করে একটি চায়ের দোকান চালু করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তাও তুলে দেওয়া হয়।
মোকছেদুল মোমিন মিথুন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ‘আমরা বিএনপি পরিবার’ বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় আহত হোসেন আলীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যবসায়িক সহায়তাও দেওয়া হয়েছে।
চিকিৎসা সহায়তা পেয়ে হোসেন আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হানিফ, এমট্যাবের সহসভাপতি শহীদুল আমিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় আহত হোসেন আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ও পুনর্বাসনের আবেদন জানিয়েছিলেন।
এআর

