বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঢাবি ছাত্রদল নেতা হামিমকে পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ১১:১১ পিএম

শেয়ার করুন:

ছাত্রদল নেতা হামিমকে পদ থেকে সাময়িক অব্যাহতি
ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

বুধবার (৪ মার্চ) সংগঠনটির দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে সংগঠনটি জানিয়েছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি তানভীর বারী হামিমকে শোকজ করে কেন্দ্রীয় ছাত্রদল।

শোকজের পর ভিডিও বার্তা দেন হামিম। সেখানে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

হামিম বলেন, তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হলেও তিনি তা দেবেন না। তার দাবি, শোকজপত্র তাকে ব্যক্তিগতভাবে দেওয়া হয়নি, বরং সামাজিকমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, ‘নিশ্চয়ই আমি এমন কোনো বড় অন্যায় করিনি যে আমাকে ব্যক্তিগতভাবে শোকজ পাঠানো যাবে না। সামাজিক মাধ্যমে শোকজ দেওয়ার কারণে সারাদেশ থেকে মানুষ ফোন করে জানতে চাইছে, আমি কী অপরাধ করেছি।’

শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পরিচিত মুখ। তিনি সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর