সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

শহীদ জিহাদের শোকাহত মায়ের প্রতি তারেক রহমানের মানবিক হাত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

শহীদ জিহাদের শোকাহত মায়ের প্রতি তারেক রহমানের মানবিক হাত
শহীদ জিহাদের শোকাহত মায়ের প্রতি তারেক রহমানের মানবিক হাত

চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরায় শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের পরিবার একের পর এক শোকের আঘাতে দিশেহারা হয়ে পড়েন। শেখ হাসিনার পতনের দিনে গুলিতে জাহিদের মৃত্যুর মাত্র ১৪ দিনের মাথায় ধরা পড়ে তার ছোটভাই আব্দুল্লাহ বিন জিসানের কোলন ক্যান্সার। তাও আবার তৃতীয় ধাপে। এখানেই পরিবারটির বিপদের শেষ হয়নি। এক ছেলের মৃত্যু, অন্য ছেলের ক্যান্সার ধরা পড়ার কিছুদিন না যেতেই স্ট্রোক করে মারা যান জিসানের বাবা। এমন অবস্থায় স্বামী ও বড় সন্তানকে হারিয়ে ক্যান্সারে আক্রান্ত ছোট সন্তানকে নিয়ে কূলকিনারাহীন শহীদের মা ফাতেমা-তোজ-জোহরা। বিষয়টি জানতে পেরে তাদের পাশে দাঁড়ায় ‘আমরা বিএনপি পরিবার’। যে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শহীদ জিহাদের এই অসহায় মায়ের পাশে ছায়া হয়ে দাঁড়ানো ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা তারেক রহমানের নির্দেশনায় শুরু থেকে ক্যান্সারে আক্রান্ত জিসানের পুরো চিকিৎসায় ব্যয় বহন করছে। ক্যান্সারের মতো এই ব্যয়বহুল চিকিৎসা করানোর সুযোগ পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে কিশোর জিসান। আর এমন বিপদে পাশে থাকার কৃতজ্ঞতা জানিয়ে তাই জিসানের মা ফাতেমা-তুজ জোহরা সাংবাদিকদের বললেন, এমন বিপদের সময় যদি ‘আমরা বিএনপি পরিবার’ পাশে না দাঁড়াতো তাহলে আমাদের কি হত তা একমাত্র আল্লাহ জানেন। এখন পর্যন্ত বিপুল অর্থ খরচ হয়েছে আমার ছেলের চিকিৎসায়। ক্যামোথেরাপি, রেডিওথেরাপিসহ চিকিৎসার সবকিছু এই সংগঠন থেকে করা হয়েছে। শুধু চিকিৎসা সংক্রান্ত কথা বলেছি। সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ভাইসহ সবাই বাকি সব ব্যবস্থা করে দিয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (০১ মার্চ) গুলশানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জিসানের চিকিৎসার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এসময় তার মা সাংবাদিকদের একথা বলেন।

সাংবাদিকদের তিনি বলেন, বড় ছেলেকে হারিয়েছি দেশের জন্য, স্বামীকেও হারালাম শোক সইতে না পেরে। এই কঠিন সময়ে ছোট ছেলেটাকে বাঁচানোর লড়াইয়ে তারেক রহমান ও ‘আমরা বিএনপি পরিবার’ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমি শুধু তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের ভালো রাখেন।

গুলশানে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

এসময় বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, আমরা শুরু থেকে মানবিক কাজের পাশাপাশি জুলাই শহীদদের পরিবার, তাদের স্মৃতি সংরক্ষণ, আমাদের মাঝে যাতে তারা স্মরণীয় হয়ে থাকেন সেজন্য কাজ করছি। যেহেতু আমরা এখন সরকারে আছি তাই দায়িত্ব আরও বেড়ে গেছে। আমরা তাদের হারাতে দেবো না। চীর স্মরণীয় রাখবো শহীদদের। তাদের পরিবারের পাশেও আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী থাকবো।


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ ও শাকিল আহমেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন– দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ. কে. এম. মনজুরুল ইসলাম, দ্য ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন, দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র প্রতিবেদক এনামুল হক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর