ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।
রোববার (১ মার্চ) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির খামেনি হত্যার নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সেই দেশের শীর্ষ ধর্মীয় নেতাকে লক্ষ্য করে এ ধরনের হামলা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানাচ্ছে।
বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, মার্কিন ও ইসরায়েলি এ আগ্রাসন গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলতে পারে এবং এর অভিঘাত সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, চলমান উত্তেজনা অব্যাহত থাকলে তা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে, যা বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
তিনি অবিলম্বে এ সংঘাত বন্ধে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেন।
পীর সাহেব চরমোনাই শোকাহত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
এমআর/এআর

