বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবরে এবি পার্টির শোক ও তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবরে এবি পার্টির শোক ও তীব্র নিন্দা
আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবরে এবি পার্টির শোক ও তীব্র নিন্দা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন খবরে গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (০১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি শোক ও নিন্দা জানিয়েছে। 


বিজ্ঞাপন


দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতার ওপর সরাসরি সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এ ধরনের হামলা কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ের ওপর আঘাত নয়, বরং তা গোটা আন্তর্জাতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

নেতৃবৃন্দ বলেন, মুসলিম উম্মাহর একজন প্রভাবশালী ও প্রতীকী নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ সময় ধরে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থের প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তার নিহত হওয়ার ঘটনা শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের জন্য গভীর শোকের এবং বেদনাদায়ক অধ্যায়।

তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা ভূরাজনৈতিক দ্বন্দ্বের সমাধান কখনো সামরিক শক্তি দিয়ে টেকসইভাবে অর্জন করা যায় না। অতীত ইতিহাস সাক্ষ্য দেয়, সামরিক আগ্রাসন প্রতিশোধের চক্র সৃষ্টি করে, আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করে এবং সাধারণ মানুষের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়।

এবি পার্টি মনে করে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শক্তির প্রদর্শন নয়, বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা, কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক আইন মেনে চলাই হতে পারে একমাত্র কার্যকর পথ।


বিজ্ঞাপন


দলটি স্পষ্টভাবে উল্লেখ করে, বিশ্বে ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠা করতে হলে সকল পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে এবং তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রশমনে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়লে বিশ্ব আরও বড় অস্থিরতার মুখে পড়বে। সামরিক জোট ও শক্তির রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ককে সংঘাতের দিকে ঠেলে দেয়, যা দীর্ঘমেয়াদে মানবিক বিপর্যয় ডেকে আনে। তাই জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত ও কার্যকর ভূমিকা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া।

এবি পার্টি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, ইরানের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে দলটি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে, আর কোনো আগ্রাসন নয়—অবিলম্বে যুদ্ধবিরতি, সংযম এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর