শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না: ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

Fakhrul
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ছবি: ঢাকা মেইল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতির প্রসঙ্গে বলেছেন, এই বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত। সত্যিকার অর্থে দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে শক্তিশালী করা যায়—সে বিষয়েই গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিএনপি মহাসচিব বলেন, যার যেটা কাজ, সে সেটা করবে। দুর্নীতির অভিযোগ দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আছে। যারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দুদকের। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি এবং ভবিষ্যতেও দেব না।


বিজ্ঞাপন


শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নিচে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে একটি টিম জেলা পরিদর্শনে এসেছে। তারা জমি নির্ধারণের কাজ করবেন। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মধ্যে মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এটি ঠাকুরগাঁওবাসীর জন্য নিঃসন্দেহে একটি সুখবর।

মাদক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ সুপারের (এসপি) ব্যক্তিগত তত্ত্বাবধানে এ বিষয়ে কার্যক্রম জোরদার করা হবে এবং তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ শুরু হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পৌরসভার অবকাঠামো উন্নয়ন এবং কৃষি খাতের অগ্রগতির বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানান ঠাকুরগাঁও-১ আসনের এই সংসদ সদস্য। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ড কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, চলতি মাসের মধ্যেই ঠাকুরগাঁওয়ের রহমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে পাইলট প্রকল্প চালু করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের ট্রেনের বগির মান সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রেনের বগির মান পুনরায় উন্নত ও মানসম্মত করা হবে।

সভায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় এবং জেলার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

প্রতিনিধি/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর