শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ এএম

শেয়ার করুন:

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল করবে এনসিপি
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল করবে এনসিপি। ছবি: সংগৃহীত

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানে আগামী শনিবার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করবে দলটি।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির নেতারা বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।

আজকের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপস্থাপন করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি এনসিপির এক বছর পূর্তি। এ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হবে।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি বিকেল চারটায় ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয় ইফতার মাহফিল শুরু হবে। সেখানে শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী প্রতিনিধি এবং আন্দোলনের সহযোদ্ধারা অংশ নেবেন। অনুষ্ঠানে চিত্রপ্রদর্শনী থাকবে। পাশাপাশি গত এক বছরে দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিক উপস্থাপনা থাকবে, যার নাম দেওয়া হয়েছে স্ট্রিট ওয়াল। দর্শনার্থীদের জন্য ফটো বুথও রাখা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই দলটি সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সক্রিয় ভূমিকা রেখে আসছে।


বিজ্ঞাপন


সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় ঐক্যে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। এক বছর ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা দলটি এবার প্রথমবারের মতো নির্বাচনেও অংশ নেয় এবং শনিবার এক বছরে পদার্পণ করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভাগীয় পর্যায়েও ইফতার আয়োজনের কথা জানিয়েছে দলটি। কর্মসূচি অনুযায়ী ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে এনসিপির নেতা, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

এ ছাড়া ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলন এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাতের সঞ্চালনায় কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, সাদিয়া ফারজানা দিনা, লুৎফর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

এএইচ/এআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর