দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।
বিজ্ঞাপন
মাওলানা মামুনুল হক বলেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়। এত বছর পেরিয়ে গেলেও পিলখানা ট্রাজেডির অনেক দিক আজও জাতির সামনে অস্পষ্ট রয়ে গেছে। এই অনিশ্চয়তা ও প্রশ্নবোধক অবস্থা জাতীয় চেতনায় দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছে।’
তিনি আরো বলেন, খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা হোক, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। বিচারহীনতা বা আংশিক সত্য কখনো জাতির ক্ষত সারাতে পারে না।
মাওলানা মামুনুল হক বলেন, পিলখানা ট্রাজেডি নিয়ে কোনো প্রকার রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা এ দেশের মানুষ দেখতে চায় না। শহীদ সেনা কর্মকর্তাদের রক্তকে কেন্দ্র করে বিভাজন নয়; বরং ন্যায়বিচারই আমাদের পথ হওয়া উচিৎ।
বিজ্ঞাপন
শহীদদের মাগফেরাত কামনা করে তিনি বলেন, ‘আমি শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন, আমিন।’
এসএইচ/এমআই

