বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘বাংলাদেশে একদলীয় শাসন বা জোরপূর্বক রাজনীতি চাপিয়ে দেওয়ার সংস্কৃতি আমরা সমর্থন করি না।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ড. মঈন খান বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়েই বিএনপি রাজনীতি করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় পর জনগণের ভোটে যে পরিবর্তন এসেছে, তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ধারাবাহিকতার অংশ। গত ১৭ বছর দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল। জনগণের আন্দোলন ও ভোটের মাধ্যমে আবারও গণতন্ত্রের পথ সুগম হয়েছে।’
এরআগে নরসিংদী-২ আসনের সাংসদ ড.আবদুল মঈন খানের নেতৃত্বে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্যমন্ত্রী), নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন।
বিএনপির জ্যেষ্ঠ নেতা মঈন খান বলেন, ‘যে নরসিংদীতে ব্রিটিশ আন্দোলনের জন্ম হয়েছিল এবং উপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যে নরসিংদীর গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী মানুষ যুদ্ধ করেছিল, সেই মানুষ আজকে নরসিংদীর পাঁচজন বিএনপির সেবককে তারা প্রতিনিধি করে জাতীয় সংসদে পাঠিয়েছে, আমরা তাই এখানে শ্রদ্ধা জানাতে এসেছি।’
বিজ্ঞাপন
বিএনপির রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে মঈন খান বলেন, ‘আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। ১৯৭১ এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মত এই দেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল সেদিন প্রতিবাদের ঝাণ্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমরা সেই আদর্শে বিশ্বাসী। আমরা বহুদলীয় গণতন্ত্র, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাব।’
তিনি বলেন, ‘বিএনপি একদলীয় বাকশাল শাসন যেটা বাংলাদেশের ওপরে জগৎদল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।’
তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের উদ্দেশে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী।’
ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। আমরা ২০২৪ সালের ৫ আগস্ট যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব।’
এএম

