বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জিয়া পরিবারের কবর জিয়ারত করলেন ঢাকার দুই সিটির প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

জিয়া পরিবারের কবর জিয়ারত করলেন ঢাকার দুই সিটির প্রশাসক
জিয়া পরিবারের কবর জিয়ারত করলেন ঢাকার দুই সিটির প্রশাসক। ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তারা কবর জিয়ারত করেন।
 
জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুস সালাম বলেন, রাজধানীতে দীর্ঘদিন ধরে মশার সমস্যা বিদ্যমান। নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। এটি একটি বড় চ্যালেঞ্জ। মশা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। জনগণের সহযোগিতা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
 
আবদুস সালাম বলেন, মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন একা দায়িত্ব পালন করতে পারবে না। নাগরিকদেরও সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জনগণ ও সিটি করপোরেশনকে একসঙ্গে কাজ করতে হবে। একইসঙ্গে তিনি দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন। কোথাও অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেন তিনি। 

zia_kobor_ii
জিয়া পরিবারের কবর জিয়ারত করলেন ঢাকার দুই সিটির প্রশাসক। ছবি: সংগৃহীত


 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে উন্নয়ন কর্মকাণ্ডে কিছু সমস্যা তৈরি হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন এবং মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করবেন। যেখানে অব্যবস্থাপনা রয়েছে, তা চিহ্নিত করে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানান। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও করেন তিনি।
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক আবদুস সালাম বিএনপির নেতা। তিনি একসময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। পরে ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণে বিভক্ত হলে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।
 
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল ও মিরপুরের একাংশ নিয়ে গঠিত ওই আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
এএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর