সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁদা না দেওয়ায় চালককে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

jamaat islami
বাংলাদেশ জামায়াতে ইসলামী

রাজধানীর যাত্রাবাড়ি-চিটাগাং রোড সড়কে লেগুনা চালক নুরে আলম ওরফে খায়রুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের পক্ষে এমন প্রতিক্রিয়া দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


বিজ্ঞাপন


বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ ‘অত্যন্ত উদ্বেগজনক’।

‘গণপরিবহন চালকদের কাছ থেকে বিভিন্ন সংস্থার নাম ভাঙিয়ে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রাষ্ট্র ও প্রশাসনের ভাবমর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। এরই ধারাবাহিকতায় চাঁদা দিতে অস্বীকৃতি অথবা স্ট্যান্ড নিয়ন্ত্রণের বিরোধকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারি জুমার দিন বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ি-চিটাগাং রোড এলাকায় লেগুনা চালক খায়রুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।’

জামায়াত সেক্রেটারি  বলেন, ‘জনপ্রত্যাশার নতুন বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড কিছুতেই মেনে নেওয়া যায় না।’

এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে যাত্রাবাড়ি-চিটাগাং রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বানও জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নিহত খায়রুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে নির্ভরশীল পরিবার, ছোট্ট শিশু কন্যা ও স্বজনরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। এ হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, বরং একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনার নির্মম পরিসমাপ্তি।’

নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ‘উপযুক্ত’ আর্থিক সহায়তা প্রদান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

তিনি দেশব্যাপী পরিবহনসহ সব খাতে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির সংস্কৃতি বন্ধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

টিএই/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর