রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা প্রসঙ্গে যা বললেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

ইলেকশনের অনেক আগেই জামায়াতকে ঢাকা থেকে বিতাড়িত করব: ইশরাক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াতে ইসলামীর প্রথমবারের মতো আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে  আলাপকালে ইশরাক এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘অতীতের বিভাজন ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাজ। মুক্তিযুদ্ধের চেতনার মূল শক্তিই ছিল ঐক্য, আর সেই চেতনাকে আমাদের ধরে রাখতে হবে।’ তিনি বলেন, বিভেদের রাজনীতি দেশকে কখনো সামনে এগিয়ে নিতে পারে না; বরং এটি জাতিকে কেবল পিছিয়ে দেয়।
 
জামায়াতে ইসলামীর অবস্থান ও ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দলটি দেশে এবং বিদেশে তাদের অতীত ভূমিকা নিয়ে ক্ষমা প্রার্থনা করেছে। তিনি মন্তব্য করেন, ‘অনেকের কাছে সেই ক্ষমার ভাষা সন্তোষজনক নাও হতে পারে, তবে প্রশ্ন হলো এই একটি ইস্যু ধরে রেখে কি আমরা জাতিকে আবারও বিভক্ত করব?’ অতীতে রাজনৈতিক বিভাজন দেশের জন্য যে অপূরণীয় ক্ষতি বয়ে এনেছে, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

জাতীয় সংকট মোকাবিলায় সব রাজনৈতিক শক্তিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করে ইশরাক হোসেন বলেন, গণতান্ত্রিক পরিবেশে সকল দলের অংশগ্রহণে শহীদ দিবস পালিত হওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর, যেখানে দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক বিভেদ দূর হবে এবং একটি সুস্থ সমঝোতার সংস্কৃতি শক্তিশালী হবে।

এম/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর