ময়মনসিংহের গৌরীপুরে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় উপজেলা বিএনপি সদস্য আবদুল মান্নান তালুকদারকে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগে মামলা হয়েছে। বুধবার রাতে গৌরীপুর থানায় এ মামলা করেন ভুক্তভোগী। এতে প্রধান আসামি করা হয়েছে পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সীকে।
এজাহার অনুযায়ী, গত বুধবার দুপুরে আবদুল মান্নান অটোরিকশা যোগে গৌরীপুর নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় শাহী মুন্সী তাঁকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে শারীরিক নির্যাতন করেন। পরে পাশের একটি সেলুনে নিয়ে তাঁর মাথা ন্যাড়া করে দেওয়া হয়। ভুক্তভোগীর দাবি, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরণের ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করায় তাঁর ওপর এই প্রতিশোধ নেওয়া হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর টাউন হলে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।
বিজ্ঞাপন
অভিযোগ অস্বীকার করে শাহী মুন্সী দাবি করেন, বিজয়ী বিএনপি প্রার্থীর আনন্দ মিছিলে ব্যস্ত থাকার সময় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরাজয়ের পর বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই ‘সাজানো নাটক’ করা হয়েছে বলে তাঁর দাবি। তাঁকে হয়রানি করতেই এই মামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, শাহী মুন্সীসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, প্রাথমিক সত্যতা পেয়েই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ ঘটনাটিকে দুঃখজনক বললেও অভিযুক্ত শাহী মুন্সী জড়িত নন বলে দাবি করেন। কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আবুল বাশার আকন্দ জানান, বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

