শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

অপশক্তির উত্থান ঠেকাতে ঐক্যের ডাক নাছিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ এএম

শেয়ার করুন:

অপশক্তির উত্থান ঠেকাতে ঐক্যের ডাক নাছিরের
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নাছির বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রুখতে সবাইকে এখন থেকেই সজাগ থাকতে হবে। সাম্প্রতিক নির্বাচনে এসব শক্তির উল্লেখযোগ্য ভোটপ্রাপ্তি ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা। যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল এবং আজও স্বাধীনতার চেতনাকে কটাক্ষ করে, তারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এই অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা সময়ের দাবি।’


বিজ্ঞাপন


স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্ন কৌশলে ভোটের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ বাস্তবতায় ছাত্রদলকে আদর্শিক ও সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়ার নির্দেশ দেন নাছির।

তিনি বলেন, ‘ছাত্রদল ইতিবাচক ও মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। তবে মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী যেকোনো অপচেষ্টা রুখতে আমরা রাজপথে কঠোর অবস্থানে থাকব। আগামী নির্বাচন সামনে রেখে এখন থেকেই তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে হবে।’

দলের শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ‘নেতাকর্মীদের সারা দেশে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমাদের লক্ষ্য ক্ষমতার দাপট নয়, জনগণের মন জয় করা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নাছির। এ বিষয়ে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর