বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রমজানে বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

রমজানে বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর আহ্বান জামায়াতের

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কার্যকর বাজার তদারকি জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।


বিজ্ঞাপন


বুধবার (১৮ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর বিশেষ কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ জাগ্রত হয়। রমজানের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা গেলে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।

তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। বাজারে অস্থিতিশীলতা, অসাধু মজুতদারি ও সিন্ডিকেটের প্রভাবে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে কার্যকর বাজার তদারকি জোরদার, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

রমজানের তাৎপর্য তুলে ধরে মহানগর জামায়াতের আমির বলেন, রমজানের মূল শিক্ষা তাকওয়া, ধৈর্য, ত্যাগ ও মানবিকতা। বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যথাযথভাবে জাকাত ও ফিতরা আদায় করা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করা। ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।


বিজ্ঞাপন


সবশেষে তিনি দোয়া করেন, পবিত্র মাহে রমজানের বরকতে দেশবাসীর জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসুক এবং দেশ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হোক।

বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক এবং ডা. সিদ্দিকুর রহমান।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর