রাজধানীতে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপণ্যের দাম জনগণের নাগালে রাখা এবং আইন-শৃঙ্খলার উন্নয়নে কার্যকর পদক্ষেপের দাবিতে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়। আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান প্রধান অতিথির বক্তব্য দেন।
বিজ্ঞাপন
গাজী আতাউর রহমান বলেন, দুই জোট নির্বাচনের আগেই আসন ভাগাভাগি করেছে এবং নির্বাচন ছিল লোক দেখানো। টিআইবির প্রতিবেদনে নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির চিত্র উঠে এসেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ইসলামী আন্দোলন সততার পরিচয় দিতে গিয়ে বৈষম্যের শিকার হলেও দেশের স্বার্থে পরিস্থিতি মেনে নিয়েছে।
মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেন, নতুন সরকার শপথ ভঙ্গের মাধ্যমে জুলাই সনদকে অবজ্ঞা করেছে। তিনি বলেন, সরকার যদি সংস্কারের প্রশ্নে পিছিয়ে যায় বা জুলাই সনদ অস্বীকার করে, তবে তারা নীরব থাকবে না। সরকার জনগণের সহযোগিতা না চেয়ে বিদেশিদের সহযোগিতা চায় বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামী আন্দোলন বলেন, গত রমজানে উপদেষ্টা সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রেখে জনগণের আস্থা অর্জন করেছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো ছিল এবং বাজারগুলো চাঁদাবাজিমুক্ত ছিল। বর্তমান সরকারের জন্য রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি সতর্ক করেন, এসব ক্ষেত্রে ব্যর্থতা জনরোষ ডেকে আনতে পারে।
সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা হলেও বাংলাদেশে প্রায়ই উল্টো চিত্র দেখা যায়। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে মানুষকে ভোগান্তিতে ফেলে বলে অভিযোগ করেন তিনি। মানুষের যেন স্বাচ্ছন্দ্যে সিয়াম সাধনা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতি বিবেচনায় রেখে রমজানের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অশ্লীলতা, বেহায়াপনা ও মদের বার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় ও বিজয়নগর হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
এএইচ/ক.ম

