বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় কৌশল ঠিক করতে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে বৈঠকে বসেছেন জোটের শীর্ষ নেতারা। সূত্র জানিয়েছে, বৈঠকে আপাতত শপথ না নেওয়ার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ সদস্য। বেশির ভাগ সদস্য এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা বলছেন। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।
বিজ্ঞাপন
এদিকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুসারে গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। এমপি হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন তারা।
কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সংবিধানে নেই। তারা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এ কারণে সংসদ সচিবালয়ের প্রস্তুতি থাকার পরও সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান হয়নি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা এ বিষয়ে বৈঠকে বসেছেন। বৈঠক শেষ হলে আমরা বিস্তারিত সিদ্ধান্ত জানিয়ে দেব।’
টিএই/এফএ

