বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জামায়াতের বিরুদ্ধে অবৈধ অর্থের ব্যবহারসহ বিস্তর অভিযোগ বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ এএম

শেয়ার করুন:

জামায়াতের বিরুদ্ধে অবৈধ অর্থের ব্যবহারসহ বিস্তর অভিযোগ বিএনপির

পরাজয়ের আশঙ্কায় জামায়াত যেভাবে সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটসহ নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক বলে মনে করছে বিএনপি।

বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


বিজ্ঞাপন


দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দলীয় নেতাকর্মী ও দেশের জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি, তা যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য পালাক্রমে কেন্দ্রগুলো পাহারা দেবেন। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং ভোটের ফলাফল বুঝে নিয়ে তারপর ভোটকেন্দ্র ত্যাগ করবেন। এসবই আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, জনগণের সমর্থনে শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আগামী দিনে দেশ ও দেশমাতৃকার কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান ভোটের আগের দিন ও রাতে সারা দেশে জামায়াতের সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটের চিত্র তুলে ধরেন।

নজরুল ইসলাম খান বলেন, সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক জামায়াতের ঠাকুরগাঁও জেলা আমিরের বার্ষিক আয় সাড়ে চার লাখ টাকা। শরীয়তপুরে সাড়ে সাত লাখ টাকাসহ জামায়াতকর্মী আটক ও দুই বছরের কারাদণ্ড হয়েছে। টাকা বিতরণের অভিযোগে নেত্রকোণা ইউনিয়ন জামায়াতের আমির আটক হয়েছেন। সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর ও পটুয়াখালীতে টাকাসহ জামায়াতের ১২ নেতা আটক করা হয়েছে।

তিনি বলেন, পটুয়াখালী-১ আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক হয়েছেন। পল্লবীতে জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদণ্ড ও কেন্দ্র থেকে কর্মকর্তা বহিষ্কার করা হয়েছে। ভোটারদের টাকা বিতরণের অভিযোগে জামায়াতের এক শিক্ষককে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়ায় দৌড়ে পালিয়েছেন জামায়াত নেতা। নোয়াখালীতে জামায়াতের লোকজন হ্যান্ডবিল ও টাকাসহ জনতার জেরার মুখে পড়েন।


বিজ্ঞাপন


নজরুল ইসলাম খান বলেন, দাড়িপাল্লায় ভোট দেওয়ার চাপ, গৃহবধূকে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে উঠেছে। সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে জামায়াতের বিরুদ্ধে। রাজধানীতে ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ রয়েছে। ঝিনাইদহ-৪ আসনে দাড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। জামায়াত নেতার মাছের খামার থেকে জিআই পাইপ ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পলাশবাড়ীতে জামায়াত নেতার বসতবাড়ি থেকে লাঠি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি বলেন, রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে দেওয়া হয়েছে। মিরপুরের রূপনগরে অস্ত্রসহ জামায়াত কর্মীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে জনতার হাতে জামায়াত নেতা আটক হয়েছেন। রাতে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক হয়েছেন। রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের স্থানীয় নায়েবে আমির আটক হয়েছেন। টাকা বিলির অভিযোগে গোদাগাড়ীতে জামায়াত আমিরের গাড়ি ঘেরাও করা হয়েছে। সিলসহ জামায়াত কর্মীকে হাতেনাতে ধরেছে এলাকাবাসী। বগুড়ায় রাতে ভোটকেন্দ্রে ঢুকে জামায়াত নেতা আটক হয়েছেন। মির্জাগঞ্জে অভিযোগে জামায়াত কর্মী আটক হয়ে মুচলেকায় মুক্ত হয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে সাবেক জামায়াত নেতা থাকার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নোয়াখালীতে ধানের শীষের নারী কর্মীকে পিটিয়ে আহত ও যুবদল নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা-১৪ আসনে তোপের মুখে জামায়াতের এমপি প্রার্থীকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। দুই জামায়াত নেতাকে আটকে রাখেন বিএনপি নেতাকর্মীরা।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, জামায়াতের এরকম অসংখ্য অনৈতিক ও ভোট কারচুপির ঘটনা বেরিয়েছে, যা দুঃখজনক। আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। এই নির্বাচনের জন্য আমাদের অনেক সাথী জীবন দিয়েছেন। আমরা চাই জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা হোক। জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই এবং সেই দায়িত্ব পেয়ে জনগণের কল্যাণ সাধন করতে চাই। জুলাই সনদের বাস্তবায়ন করতে চাই। নির্বাচনী ইশতিহারে আমাদের দলের চেয়ারম্যান যা ঘোষণা করেছেন, আমরা সেসব বাস্তবায়ন করতে চাই। এর পথে নানা বাধা নানাভাবে সৃষ্টি করার চেষ্টা চলছে। কেউ সৃষ্টি করছে, যারা গণতন্ত্র পুনর্বহাল পছন্দ করেন না। আবার কেউ চেষ্টা করছেন, কারণ তারা মনে করছেন নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা কম।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোট দিতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই নির্বাচন ঘিরে সবার মাঝে গভীর আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা কাজ করছে। বিএনপি ও তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় বিএনপির বিজয় ইনশাআল্লাহ অনিবার্য, যা আজ দেশ-বিদেশে সর্বজনীন বিশ্বাস।

তিনি বলেন, শতাধিক কেন্দ্রে এক দিন আগে থেকেই তাদের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং বিভিন্ন স্থানে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধও দেখা গেছে। অসংখ্য ঘটনার মধ্যে জামায়াত জোটের অবৈধ ও অনৈতিক কার্যক্রম, আচরণবিধি লঙ্ঘন এবং পরিকল্পিত নাশকতার যে বিষয়গুলো মূলধারার গণমাধ্যমে উঠে এসেছে, তার গুটিকয়েক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ, বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী প্রমুখ।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর