বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ইসিকে শক্ত পদক্ষেপের আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

শেয়ার করুন:

নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ইসিকে শক্ত পদক্ষেপের আহ্বান বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনিয়ম রোধে নির্বাচন কমিশনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কেউ নির্বাচন প্রতিহত বা অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সক্রিয় ও কার্যকর পদক্ষেপ জরুরি বলে তিনি মন্তব্য করেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন নজরুল ইসলাম খান। 


বিজ্ঞাপন


নজরুল ইসলাম খান বলেন, ফেনী-১ আসনে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ হয়েছে। ময়মনসিংহ, রামু, বগুড়ার কাহালু, লক্ষীপুর এবং সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বিভিন্ন বেআইনি কার্যক্রমের জন্য আটক করা হচ্ছে। ভিডিও প্রচার হচ্ছে। এগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা ইসিকে সেসব বিষয়ের নিউজ এবং ভিডিও দিয়ে অভিযোগ করেছি। দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। যাতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে। এজন্য শক্ত পদক্ষেপ নিতে হবে। 

বিএনপির এই নেতা বলেন, আমরা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি, সৈয়দপুরে টাকাসহ জামায়াত নেতা  আটকের ঘটনায় নির্বাচন কমিশনের সিানিয়র সচিব বলেছেন ৫০ লাখ কেন ৫ কোটি টাকা পর্যন্ত বহন করতে পারেন। এটা ঠিক নয়। এই সময় কেন টাকা আাটক করা হচ্ছে, কারণ সময়টা ভিন্ন। কেননা সময়টা যদি স্বাভাবিক থাকতো তাহলে ইসি কেন বলেছেন বিকাশে ১০ হাজার টাকার বেশি পাঠানো যাবে না। নিশ্চয়ই কারণ আছে। ভোটারদের যাতে টাকা দিতে না পারে। সেজনই এত বেশি টাকা বহনে বাধা দেওয়া হচ্ছে।

নজরুল ইসলাম বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্বাহী পরিচালকের একটি কার্ড প্রকাশ হয়েছে অনলাইনে, সেখানে তিনি বলেছেন কাস্টমসের অনুমতি নিয়েই জামায়াত নেতা টাকা বহন করেছেন। এখানেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। কে তাকে প্রশ্ন করেছে? শাহাজালাল বিমানবন্দর দিয়ে এই টাকা কীভাবে গেলো। কেউতো জানতে চায়নি। তাহলে কেন তিনি নিজে থেকেই এই ব্যাখা দিলেন। সবই রহস্যজনক। 

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, আমাদের প্রতিপক্ষ দুর্বল নয়। যারা এই পরিবর্তন চায় না তারাতো নির্বাচন বানচালের চেষ্টা করতেই পারে। আবার যারা নির্বাচনে আছে, কিন্তু নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। এজন্য নির্বাচন কমিশনের উচিত শক্ত ব্যবস্থা নেওয়া।


বিজ্ঞাপন


এমএইচএইচ/ক.ম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর