বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিতর্কিত মন্তব্য: মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

বিতর্কিত মন্তব্য: মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিস্কার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।  


বিজ্ঞাপন


এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ‘বিএনপি বাদে অন্য দলকে ভোট দিলে কাউকে ছাড় দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি দেন কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির দায়ে প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সী। প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। ওই আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং তুমুল সমালোচনা শুরু হয়।  

যদিও বিএনপির এই জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমের কাছে দাবি করেছেন, ওসব ছিল ‘কথার কথা’। 

তার কথায়, ‘বিষয়টি ছিল মূলত কথার কথা। আসলে যখন ওই উঠান বৈঠক হয়, তখন প্রায় রাত দুইটা বাজে। আমি খুবই টায়ার্ড ছিলাম। কারণ, সকাল ৯টায় বের হয়েছি। সারাদিন ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনি সভা ও উঠান বৈঠক করেছি। আমি অনেক ক্লান্ত ছিলাম। এমন সময়ে কথার কথা বলতে গিয়ে আমার নেতাকর্মীদের কথাটি বলেছি। এর বাইরে কিছু নয়।’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, ‘ওনার (মুঞ্জুরুল আহসান) এমন মন্তব্যে আমরা বিব্রত। এই বক্তব্য বা মন্তব্য একান্তই তার ব্যক্তিগত। এটির দায়ভার দল বহন করবে না। তার এই মন্তব্য দলীয় কোনো বক্তব্য নয়।’


বিজ্ঞাপন


আসন্ন নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন চারবারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। 

তবে মঞ্জুরুল আহসান আটকে যান নির্বাচন কমিশনে। তার বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার তথ্য গোপনের অভিযোগ করেন একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। শুনানিতে প্রার্থিতা হারান মুন্সী। 

এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন বিএনপির এই নেতা। সুফল মেলেনি। সর্বশেষ প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিলও করেন। কিন্তু গত ১ ফেব্রুয়ারি তার আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ভোটের মাঠ থেকে চূড়ান্তভাবে ছিটকে পড়েন তিনি।

ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর