ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। চলছে ভোটের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। ঠিক এমন সময় এসে ঢাকা-১৮ আসন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আসনে নির্বাচন না করার ঘোষনা দেন তিনি। কারণ হিসেবে তিনি নির্বাচনি ব্যয় বিষয়টি সামনে এনেছেন।
বিজ্ঞাপন
ফেসবুকে মাহমুদুর রহমান মান্না লেখেন, ‘বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। একটি বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২, দুই আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছিলেন।’
‘তবে ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনি এলাকা। সেখানে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে। নির্বাচন পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা তার পক্ষে নির্বাহ করা সম্ভব নয়। এ কারণে তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন’, লেখেন মান্না।
তবে এমন সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশও করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি লেখেন বলেন, ‘আমার এ সিদ্ধান্তে অনেকে কষ্ট পেতে পারেন। সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসন দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিএনপি আসনটি ছাড়েনি। মূলত ওই আসনে প্রথমে মান্নার প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। শুরুতে বিএনপি প্রার্থী না দিলেও ইসির ওই সিদ্ধান্তের পর সে আসনে প্রার্থী দেয় দলটি। পরবর্তিতে সে আসনে প্রার্থিতা টিকে যায় মান্নার। কিন্তু ততদিনে বিএনপিও প্রার্থী দিয়ে দেয়।
পরে বগুড়া-২ আসন ও ঢাকা ১৮ আসন দুটুতেই অংশ নেওয়ার ঘোষণা দেন নাগরিক ঐক্যের সভাপতি। উভয় আসনেই চালিয়েছেন নির্বাচনি কার্যক্রম। কিন্তু শেষ মুহূর্তে এসেছে একটি আসনে সরে গিয়ে অন্যটিতে অংশ নেওয়ার ঘোষনা দিলেন মাহমুদুর রহমান মান্না।
এম/এএম

