শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকা-১১: নাহিদ-কাইয়ুমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

N
ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম ও এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

ভোটের জরিপে ঢাকা-১১ আসনে (রামপুরা-বাড্ডা-ভাটারা) ১১ দলীয় জোটের প্রার্থী তথা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

জরিপে এগিয়ে রাখা হয়েছে জুলাই বিপ্লবী ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। ভোটারদের পছন্দে তার কাছাকাছি অবস্থানেই রাখা হয়েছে বিএনপি প্রার্থী কাইয়ুমকে। 


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিডিবিএল ভবনে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত জরিপের ফলাফল প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’। 

জরিপের ফলাফল বলছে, ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ৪৫ দশমিক ৭ শতাংশ ভোটার। আর ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমকে ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন ৪০ দশমিক ৬ শতাংশ ভোটার।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৮৭৭ এবং নারী ১৬ হাজার ১৯৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন। আসনে মোট প্রাথী ১১ জন।


বিজ্ঞাপন


জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা-১১ আসনের মোট ৬০৬ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল- আসন্ন জাতীয় সংসদ নিবাচনে আপনি কাকে ভোট দেবেন? এ প্রশ্নের উত্তরে ৪৫ দশমিক ৭ শতাংশ ভোটার নাহিদ ইসলামকে ভোট দিতে চেয়েছেন। ৪০ দশমিক ৬ শতাংশ ভোটার এম এ কাইয়ুমকে দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

এছাড়া ৮ দশমিক ৩ শতাংশ ভোটার সিদ্ধান্ত নিতে পারেননি। আর ২ দশমিক ৮ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন, তা প্রকাশ করেননি। পাশাপাশি ২ দশমিক ৬ শতাংশ ভোটার নাহিদ ও কাইয়ুম বাদে অন্যান্য প্রার্থীদের ভোট দেবেন বলে মতামত দিয়েছেন।

এদিকে একই সংস্থার জরিপে ঢাকার নিজ নিজ আসনে এগিয়ে রাখা হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে। 
জরিপ বলছে, ঢাকা-১৭ আসনে ৩৫ শতাংশ ভোটার তারেক রহমানকে সমর্থনের কথা জানিয়েছেন। ৩২ শতাংশের সমর্থন পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের মূল প্রতিদ্বন্দ্বী ডা. এস এম খালিদুজ্জামান।

অন্যদিকে ঢাকা-১৫ আসনে ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান বিজয়ী হতে পারেন বলে জরিপে বলা হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রাথী শফিকুল ইসলাম মিল্টন পেতে পারেন ৩২ দশমিক ৫ শতাংশ ভোট। 

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর