ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনি এলাকায় কোনো বহিরাগত ব্যক্তির অবস্থান বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রচারণার ১৭তম দিনে মিরপুর-১২ ও সংলগ্ন বিভিন্ন ক্যাম্প এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আমিনুল হক অভিযোগ করেন, জামায়াতের প্রার্থী নির্বাচনি এলাকায় বিভিন্ন জায়গায় বহিরাগত ভাড়াটিয়া লোকজনকে জড়ো করছেন। তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী নিজ এলাকার ভোটার না হলে কেউ এলাকায় থাকতে পারবে না। অথচ জামায়াতের মিছিল-মিটিংয়ে অনেক অচেনা মুখ দেখা যাচ্ছে। আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি এবং ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করেছি।
আমিনুল হক জামায়াত প্রার্থীর উদ্দেশে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, অবিলম্বে বহিরাগতদের এলাকা থেকে সরিয়ে দিন, অন্যথায় যেকোনো পরিস্থিতির দায়-দায়িত্ব আপনাদেরই নিতে হবে।
এলাকার সন্তান হিসেবে নিজের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, আমি এই জনপদেই বড় হয়েছি। অলি-গলি থেকে শুরু করে এখানকার প্রতিটি মানুষের সমস্যা আমার জানা। আমি কোনো ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছি না; দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছি। ধানের শীষ বিজয়ী হলে এবং আমরা সরকার গঠন করলে প্রতিটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।’তিনি এলাকার মৌলিক সমস্যাগুলো সমাধানে তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
এলাকার প্রায় চার লাখ ভোটারের প্রতি আহ্বান জানিয়ে আমিনুল বলেন, আমাদের এখানে নারী ও পুরুষ ভোটার প্রায় সমান। আমি সকলকে অনুরোধ করব, নির্বাচনের দিন নির্দ্বিধায় ও নিঃসঙ্কোচে কেন্দ্রে এসে আপনার নাগরিক অধিকার প্রয়োগ করুন। আপনার একটি ভোটই পারে জবাবদিহিমূলক একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে।
এখন পর্যন্ত এলাকার পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে আমিনুল হক বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক আছে, তবে আমরা এবং আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক আছি। কেউ যদি উস্কানি বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা দৃঢ়ভাবে দমন করা হবে।
গণসংযোগকালে ক্যাম্প এলাকার বাসিন্দারা আমিনুল হককে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। তিনি মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
বিইউ/ক.ম

