শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এবি পার্টির নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

AB
এবি পার্টি। ফাইল ছবি।

পুলিশের হাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্যান্য নেতাকর্মী আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় দলটি। 

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, শুক্রবার শান্তিপূর্ণভাবে বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চ ও ডাকসুর নেত্রী জুমা, জকসু নেত্রী শান্তাসহ ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের বুট দিয়ে পিষে দেওয়া, নির্বিচারে হামলা চালানো এবং গুলিবর্ষণের ঘটনা জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে। বেদনার বিষয় হলো, হাদি হত্যার বিচারের দাবিতে শেষ পর্যন্ত তার সহধর্মিণীকে ১০ মাস বয়সী এতিম শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমে আসতে হয়েছে। 


বিজ্ঞাপন


এবি পার্টির নেতারা বলেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় চার্জশিট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে যখন তার সহযোদ্ধারা শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে অবস্থান নিয়েছেন, তখন তাদের ওপর হামলা চালানো চরম ন্যাক্কারজনক ও গণতন্ত্রবিরোধী। এ ধরনের হামলা প্রমাণ করে, একটি মহল পরিকল্পিতভাবে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে।

নেতারা বলেন, গুলি চালিয়ে, হামলা করে কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাদির বিচার দাবিকে স্তব্ধ করা যাবে না। গুলিবর্ষণের মাধ্যমে হাদির বিচারকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে।

এবি পার্টি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি হাদি হত্যার বিচার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

এবি পার্টি স্পষ্টভাবে ঘোষণা করছে, ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তারা নির্যাতিতদের পাশে থাকবে এবং যেকোনো অন্যায়, জুলুম ও রাষ্ট্রীয় ব্যর্থতার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে।


বিজ্ঞাপন


এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর