শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নির্বাচনি বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানকে নির্বাচনি বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

এবার সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই রাজনৈতিক বৈধতার একমাত্র ভিত্তি এবং জনগণের আস্থাই হতে হবে রাজনীতির মূল মানদণ্ড।
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এই আহ্বান জানান। পোস্টে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্মের প্রতি রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতা আরও বেড়েছে। রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতমুক্ত হতে পারে—তা প্রমাণ করার সময় এখনই।
 
ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে ভবিষ্যত শাসনের জন্য এমন একটি মানদণ্ড স্থাপন করা প্রয়োজন, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ। তারেক রহমান যেহেতু ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন, সে প্রেক্ষাপটে তিনি একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় বসার আমন্ত্রণ জানান।
 
ডা. শফিকুর রহমান বলেন, এই আলোচনার মাধ্যমে উভয়পক্ষ নিজ নিজ ইশতেহার জাতির সামনে উপস্থাপন করতে পারবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে—কোন পথ বাংলাদেশের জন্য উত্তম। একই সঙ্গে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরুর আহ্বান জানান, যেখানে সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করবে।
 
টিএই/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর