রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকা-৫: নিরাপদ নগরের অঙ্গীকার দাঁড়িপাল্লার কামাল হোসেনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

ঢাকা-৫: নিরাপদ নগরের অঙ্গীকার দাঁড়িপাল্লার কামাল হোসেনের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে শিক্ষা, সুশাসন, কর্মসংস্থান, নগর উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে মোট ১২ দফা কৌশলগত লক্ষ্য ও বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় যাত্রাবাড়ীর একটি রেস্তোরাঁয় নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন কামাল হোসেন। এতে তিনি ১২টি প্রধান কৌশলগত লক্ষ নির্ধারণ করেন। 

মানসম্মত শিক্ষা ও শিক্ষাবান্ধব পরিবেশ
ইশতেহারে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং কওমী মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের কথা বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে অযাচিত ফি বন্ধ, ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করা হয়।

সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ
স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যক্রমে নজরদারি জোরদার এবং সবার জন্য সমান বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কর্মসংস্থান, দারিদ্র্য ও স্বাস্থ্যসেবা
বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি, যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, দরিদ্রদের খাদ্য নিরাপত্তা, গৃহহীনদের পুনর্বাসন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার কথা ইশতেহারে উল্লেখ করা হয়।

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পুনর্বাসন
ঢাকা-৫ এলাকার জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতদের আজীবন চিকিৎসা ও পুনর্বাসনের অঙ্গীকার করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় শহীদদের নামে নামকরণের প্রস্তাব দেওয়া হয়।

চাঁদাবাজি ও অপরাধমুক্ত এলাকা গঠন
পরিবহন খাতে অবৈধ চাঁদা বন্ধ, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ইভটিজিং নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পরিবহন শ্রমিক ও মালিকদের অধিকার রক্ষায় মনিটরিং সেল গঠনের পরিকল্পনাও রয়েছে।

জলাবদ্ধতা নিরসণ ও পরিবেশ ব্যবস্থাপনা
খাল পুনরুদ্ধার, আধুনিক ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মশক নিধন কার্যক্রম এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ রোধের পরিকল্পনা তুলে ধরা হয়।

পরিকল্পিত নগরায়ন ও আধুনিক স্বাস্থ্যসেবা
২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, ২৪/৭ জরুরি স্বাস্থ্যসেবা, শিশু ও বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা, খেলার মাঠ ও বিনোদন পার্ক গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সুপেয় পানি, গ্যাস সমস্যার সমাধান এবং ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

স্বনির্ভর অর্থনীতি ও কর্মসংস্থান প্রকল্প
যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, স্টার্টআপ ফান্ড, আলিয়া ও কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের আইটি ও ভাষা প্রশিক্ষণ এবং কারিগরি দক্ষতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

নারী ও শিশুর নিরাপত্তা
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদ শহর গড়ে তোলা, নারী উদ্যোক্তা তৈরি এবং মাতৃত্বকালীন কর্মঘণ্টা কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।

শিল্প ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন
বাওয়ানী ও করীম জুট মিল পুনরায় চালু, যাত্রাবাড়ি এলাকায় যানজট নিরসন, সড়ক সংস্কার এবং নারীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থার কথা বলা হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণমাধ্যমের স্বাধীনতা
ইশতেহারে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ইশতেহার ঘোষণাকালে মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঢাকা-৫ আসনকে একটি নিরাপদ, মানবিক ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতেই এই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

এ সময় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর