ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান তাঁর নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জনতার সামনে এই ইশতেহার ঘোষণা করেন আব্দুল মান্নান।
বিজ্ঞাপন
দাাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী জানান, পুরান ঢাকাকে অবহেলা নয়, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতেই তাঁর এই কর্মপরিকল্পনা।
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা ও বুড়িগঙ্গা কেন্দ্রিক উন্নয়ন: ইশতেহারে পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা, পার্ক ও সংস্কৃতি সংরক্ষণের অঙ্গীকার করা হয়। বুড়িগঙ্গা নদীর পাড় দখলমুক্ত করে নদীতীরকে ঘিরে মেরিন ড্রাইভের আদলে অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।
দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: ড. মান্নান ইশতেহারে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন। অপরাধপ্রবণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের কথাও উল্লেখ করা হয়।
শিল্প-বাণিজ্যে সহায়তা ও উদ্যোক্তা উন্নয়ন: আগামী তিন বছর শিল্পখাতে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। ব্যবসায়ীদের লাইসেন্স, ভ্যাট ও করসংক্রান্ত সেবা অনলাইনে ও ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে বিজনেস ইনোভেশন হাব প্রতিষ্ঠার কথা বলা হয়।
বিজ্ঞাপন
সামাজিক নিরাপত্তা ও দারিদ্র বিমোচনের উদ্যোগ: সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিরপেক্ষভাবে বাস্তবায়নে স্থানীয় কমিটি গঠন, স্বল্প আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধান, বিশুদ্ধ পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পরিচ্ছন্নতা কর্মীদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পায়।
শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনা: ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, শিক্ষকদের মর্যাদা ও প্রশিক্ষণ উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি আইটি পার্ক ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে যুব কর্মসংস্থানের পরিকল্পনার কথা বলা হয়।
স্বাস্থ্যসেবা ও নগর অবকাঠামো উন্নয়ন: ঢাকা-৬ আসনে একটি আধুনিক সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা, পার্কে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, শিশু ও বয়স্কদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার অঙ্গীকার করা হয়। একই সঙ্গে যানজট নিরসন, ড্রেনেজ আধুনিকীকরণ, জলাবদ্ধতা ও মশক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।
পরিবেশ, নারী-শিশু ও যুব উন্নয়ন: ‘সবুজ ঢাকা-৬’ গড়তে ছাদকৃষি, পার্ক ও খেলার মাঠ উদ্ধার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা তুলে ধরা হয়। নারী উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তৈরিতে সুদমুক্ত ঋণ, ডে-কেয়ার ও নিরাপদ পাবলিক স্পেস তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়।
সুশাসন ও জবাবদিহিতার অঙ্গীকার: নির্বাচিত হলে সংসদ সদস্যের স্থায়ী কার্যালয় স্থাপন, প্রতি তিন মাস অন্তর নাগরিকদের সঙ্গে মতবিনিময় এবং কাজের অগ্রগতি প্রকাশের ঘোষণা দেন ড. মান্নান। দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্য নির্মূল করে স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারও করেন তিনি।
ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান: ড. আব্দুল মান্নান বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনই তাঁর লক্ষ্য। তিনি দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসান, মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরিফা ও ডা. শাহানা পারভীন লাভলীসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা।
এমআর/ক.ম

