আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর ঘোষিত ইশতেহারে গুরুত্ব পেয়েছে পাঁচটি ‘হ্যাঁ’ এবং পাঁচটি ‘না’। দলটির ভাষ্য অনুযায়ী, এই ইশতেহারের মূল লক্ষ্য রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, ন্যায়বিচার ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
ইশতেহারের ‘৫ হ্যাঁ’-তে জামায়াত যে বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে সেগুলো হলো- সততা, ইনসাফ, ঐক্য, দক্ষতা এবং কর্মসংস্থান। দলটির নেতারা বলছেন, এসব মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।
অন্যদিকে ‘৫ না’-এর তালিকায় রাখা হয়েছে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব এবং চাঁদাবাজি। জামায়াতের দাবি, এসব সমস্যাই দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘৫ হ্যাঁ, ৫ না’ ধারণার মাধ্যমে তারা স্পষ্টভাবে জানাতে চায় কোন মূল্যবোধের পক্ষে তারা এবং কোন অনিয়ম ও অপশাসনের বিরুদ্ধে তাদের অবস্থান। ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।
এমআর/ক.ম

