শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জামায়াতের ইশতেহার ঘোষণা সন্ধ্যায়, প্রাধান্য পাচ্ছে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

Jamaat_e_Islami Manifesto
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জনতার ইশতেহার’ শিরোনামে ইশতেহার ও ঘোষণাপত্রে দেশের চলমান সংকট, ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একাধিক প্রাধান্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হবে। অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।


বিজ্ঞাপন


জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং নাগরিক নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বিষয়গুলোও প্রাধান্য পাচ্ছে।

দলটি বলছে, অ্যাপভিত্তিক ‘জনতার ইশতেহার’ কর্মসূচির মাধ্যমে পাওয়া ৩৭ লাখের বেশি জনমতের প্রতিফলন এই ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ার রূপরেখাও এতে তুলে ধরা হবে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি জনবান্ধব, বাস্তবসম্মত ও জবাবদিহিমূলক নির্বাচনি ইশতেহার প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘জনতার ইশতেহার’ নামে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে। এ উদ্যোগের আওতায় সাত দিনব্যাপী দেশবাসীর কাছ থেকে সরাসরি মতামত সংগ্রহ করা হয়।’


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘জনগণের সরাসরি অংশগ্রহণ, অনলাইন ইশতেহার প্রযুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং ডিজিটাল প্রমিজ ট্র্যাকার- এই তিনটি মৌলিক স্তম্ভের ওপর মতামত সংগ্রহের প্রক্রিয়া পরিচালিত হয়। এরপর সংগৃহীত সকল মতামত কাঠামোবদ্ধ ও তথ্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে বিশ্লেষণ করে একটি মেজারবল (পরিমাপযোগ্য), স্পেসিফিক (নির্দিষ্ট) ও টাইম-বাউন্ড (সময়-সীমাবদ্ধ) কাঠামোর ভিত্তিতে নির্বাচনি ইশতেহার প্রণয়ন করা হয়।’

ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য ভবিষ্যতে একটি ওয়েবভিত্তিক ডিজিটাল প্রমিজ ট্র্যাকার চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন জামায়াত সেক্রেটারি। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জামায়াতে ইসলামীর এই উদ্যোগ দেশের রাজনীতিতে স্বচ্ছতা, অংশগ্রহণ ও জবাবদিহিতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।’

এমআর/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর