ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করে বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও নানা উপহার সামগ্রী বিতরণ করছে। শবে বরাতের সুযোগ নিয়ে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে মানুষের ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দিয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণার ১৪তম দিনে মিরপুর-১১ তে আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এই অভিযোগ তোলেন।
বিজ্ঞাপন
আমিনুল হক বলেন, অসহায় মানুষকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। গতকাল শবে বরাতের আগে রাতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে খাবার ও চাল পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা সাধারণ মানুষের চোখে পড়লে তারা দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, একটি অশুভ চক্র বিভ্রান্তিমূলক তথ্য এবং অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। উস্কানিদাতা ও বিশৃঙ্খলাকারীদের বিষয়ে তিনি এবং তার সমর্থকরা সতর্ক রয়েছেন বলে জানান।
ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী করেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়গুলো ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। কেন্দ্রীয়ভাবেও দলের নেতৃবৃন্দ কমিশনের সঙ্গে এ বিষয়ে কথা বলছেন।
মিরপুর-১১ এর প্রতিটি অলিতে-গলিতে সাধারণ ভোটারদের কাছে নিজের ইশতেহার তুলে ধরে আমিনুল হক বলেন, সাধারণ মানুষ এখন অনেক সচেতন। মিথ্যাচার বা প্রলোভনে তারা পা দেবে না। আমরা আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় আছি।
বিজ্ঞাপন
আদর্শ নগর এলাকায় গণসংযোগের সময় বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বিইউ/এএস

