মাসখানেক আগে ক্যান্টনমেন্ট এলাকায় ঢোকা নিয়ে সেনা সদস্যদের সঙ্গে বাগবিতন্ডায় জড়ান ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বলছে, ঘটনাটি মীমাংসিত এবং এটি এক মাস আগের ঘটনা, অর্থাৎ গত মাসের ৬ তারিখের।
বিজ্ঞাপন
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘ঘটনাটি অনেক আগেই মীমাংসিত হয়েছে। জামায়াতের ওই প্রার্থী (ডা. খালিদুজ্জামান) দুঃখ প্রকাশ করার পর বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়।’
আইএসপিআর আরও জানিয়েছে, ঘটনার কয়েক দিন পরই দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কেটে যায় এবং বিষয়টি সমাধান হয়।
এ বিষয়ে বিবৃতি দিয়েছেন ডা. খালিদুজ্জামানও। তিনি ফেসবুকে লিখেছেন, ‘ভিডিওটি এক মাস আগের। এটি ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি ভুল বোঝাবুঝির ফল।’
তিনি লিখেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছিল, যেখান থেকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিষয়টি ইতোমধ্যে সমাধান হয়েছে। তারপরও একটি স্বার্থান্বেষী মহল এই মীমাংসিত ইস্যুকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’
বিজ্ঞাপন
ঘটনাটি নিয়ে আরও একবার দুঃখ প্রকাশ করে জামায়াতের এই প্রার্থী বলেন, ‘আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এমন ভুল বোঝাবুঝি আর না হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।’
এএইচ

