শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

‘মানুষ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

arif
নির্বাচনি প্রচারণায় ঢাকা-১৮ আসনের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম।

ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, ‘দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। তারা পরিবর্তন চায় এবং দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


আরিফুল ইসলাম বলেন, ‘প্রচারণায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট ঘোষণার পর থেকেই মানুষের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট। সেই লক্ষ্যেই আমরা একাধিক টিম গঠন করে সাধারণ মানুষের কাছে যাচ্ছি এবং তাদের প্রত্যাশা জানার চেষ্টা করছি।’

arif2
নির্বাচনি প্রচারণায় ঢাকা-১৮ আসনের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম।

নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার পক্ষে যারা প্রচারণা চালাচ্ছেন, তাদের পাশাপাশি দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে স্বাভাবিক নির্বাচনি কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে আমাদের নারী সদস্যদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।’

আরিফুল ইসলাম আরও বলেন, ‘নির্বাচনি প্রচারণাকালে আমার ওপর সরাসরি হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চিহ্নিত হলেও এখনো তাদের গ্রেফতার করা হয়নি। অন্যদিকে হামলাকারীর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে কেবল লোকদেখানো ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ ওই ব্যক্তি প্রকাশ্যে এখনো বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছে।’


বিজ্ঞাপন


এর আগে সকাল সাড়ে ১০টায় জসিম উদ্দীনের আরএকে টাওয়ারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন এনসিপির এই প্রার্থী। পরে রাজলক্ষ্মী এলাকার কুশল সেন্টারের ব্যবসায়ী ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। 

জোহরের নামাজ শেষে মসজিদুত তাকওয়া মসজিদে মুসল্লিদের সঙ্গেও গণসংযোগ করেন আরিফুল ইসলাম।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর