ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং ঢাকা–১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে ভোট চেয়ে রাজধানীর মিরপুর এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দসহ ১১ দলীয় নির্বাচনী জোটের নেতাকর্মীরা।
সোমবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ থেকে কর্মসূচির সূচনা হয়ে আমতলা মসজিদ, খানের মোড়, কাঠালতলা এবং মিরপুর–২ নম্বর বাজার প্রদক্ষিণ করে বড়বাগ মসজিদের সামনে গিয়ে গণসংযোগটি শেষ হয়। পুরো পথজুড়ে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ডা. শফিকুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন।
জামায়াতে ইসলামী মিরপুর পূর্ব থানার নায়েবে আমির মাস্টার আনিসুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস মুহা. মহিউদ্দিন খান। এছাড়া ডাকসু সদস্য আনাস ইবনে মুনির ও শাহিনুর রহমান গণসংযোগে সক্রিয়ভাবে অংশ নেন।
গণসংযোগ চলাকালে ডাকসু নেতৃবৃন্দ বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, বৈষম্য ও অনিয়মের রাজনীতির ভোগান্তি সহ্য করে আসছে। এই অবস্থা থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব অপরিহার্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একজন নৈতিকতা ও আদর্শনিষ্ঠ রাজনীতিক, যিনি জনগণের অধিকার, ন্যায়বিচার এবং সুশাসন প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান নিতে সক্ষম। ঢাকা–১৫ আসনে এমন নেতৃত্ব প্রতিষ্ঠা হলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে।

বিজ্ঞাপন
ডাকসু নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থী সমাজ বরাবরই ন্যায়, সত্য ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। ঢাকা–১৫ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত এবং জনগণের সচেতন অংশগ্রহণের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এতে করে একটি মানবিক, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের পথ আরও সুগম হবে।
বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তারা জামায়াত আমিরের পক্ষে জনগণের কাছে ভোট চাইতে এসেছেন। তাদের মতে, সৎ, যোগ্য, আদর্শবান ও দেশপ্রেমিক নেতৃত্ব ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ প্রেক্ষাপটে ঢাকা–১৫ আসনের জন্য ডা. শফিকুর রহমানের কোনো বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, এনসিপি নেতা মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতিবৃন্দ, যুব নেতা আব্দুল্লাহ আল আমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা সবাই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গণসংযোগে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি হাজারও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সাধারণ ভোটারদের অংশগ্রহণে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া দেখা যায়।
এএইচ/এএইচ

