সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

বিজয়ী হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরামর্শ নেবো: তুলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

বিজয়ী হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরামর্শ নেবো: তুলি

ঢাকা–১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে সঙ্গে নিয়েই কাজ করবো। তাদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে একটি অংশগ্রহণমূলক ও সমন্বিত উন্নয়ন কাঠামো গড়ে তুলবো।
 
রোববার (১ ফেব্রয়ারি) দুপুর থেকে দিনব্যাপী ঢাকা–১৪ আসনের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে এসব বলেন তিনি।
 
সানজিদা ইসলাম তুলি বলেন, রাজনীতি প্রতিহিংসার নয়, রাজনীতি মানুষের সেবার। নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা, অভিযোগ ও মতামত জানাতে পারেন। জনপ্রতিনিধি হিসেবে কোনো ভুল থাকলে এলাকাবাসী যেন তা সংশোধনের সুযোগ পান—এমন ব্যবস্থাও রাখা হবে।
 
পরিবেশ ও পর্যটনভিত্তিক উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে তুলি বলেন, ঢাকা–১৪ এলাকায় জাতীয় উদ্যান ও জাতীয় চিড়িয়াখানার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ রয়েছে। সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এসব সম্পদ সংরক্ষণ করা গেলে রাজস্ব আয় বাড়ানো সম্ভব।

ধানের শীষের এই প্রার্থী বলেন, পরিবেশ ও পশুপাখি সংরক্ষণের পাশাপাশি ইকো-পর্যটন ও স্থানীয় উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে বেকারত্ব কমার পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক অনেকটাই দূর হবে।
 
যুব ও নারীদের ক্ষমতায়নের বিষয়ে তুলি বলেন, নির্বাচিত হলে বেকার যুবকদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নারীদের জন্য একশ দিনের বিশেষ কর্মসূচি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশ আরও শক্তিশালী হয়।
 
প্রতিহিংসামুক্ত ও সহমর্মিতার রাজনীতির আহ্বান জানিয়ে সানজিদা ইসলাম তুলি বলেন, রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে ব্যক্তিস্বার্থে ধ্বংস করা যায় না। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে তা যেন শত্রুতায় পরিণত না হয়। দিনশেষে সবাই ভাই-বোন, ঐক্যবদ্ধ থাকলে সব সমস্যার সমাধান সম্ভব।
 
এলাকাবাসীর উদ্দেশে এই প্রার্থী বলেন, আপনারা আমার পাশে থাকুন। একবার বোনকে সুযোগ দিন। ইনশাল্লাহ ঢাকা–১৪ আসনের চেহারা বদলে দেবো। 


বিজ্ঞাপন


গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, তাদের সমস্যা শোনা এবং ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার মধ্য দিয়ে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি শেষ করেন তিনি।
 
এএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর