‘জামায়াতে ইসলামীর সমর্থন পেয়েও শরিকদের সহযোগিতা না করায় ১১ দলে অসন্তোষ’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি।
রোববার (০১ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং সদস্য সচিব আলতাফ হোসাইন এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিজ্ঞাপন
তারা বলেন, ওই সংবাদে উত্থাপিত বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ১১ দলীয় জোটের শরিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সৌহার্দ্য ও সমন্বয় অত্যন্ত সুদৃঢ় ও সুসংহত রয়েছে। জোটের ভেতরে কোনো ধরনের অসন্তোষ কিংবা সহযোগিতার ঘাটতি নেই।
নেতৃবৃন্দ বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ১১ দলীয় জোটের ঐক্য নষ্ট করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের বানোয়াট সংবাদ পরিবেশন করছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী ও অনাকাঙ্ক্ষিত।
বিবৃতিতে সংশ্লিষ্ট গণমাধ্যমকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও যাচাইবিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।
একই সঙ্গে দেশবাসীকে গুজবে কান না দিয়ে সত্য ও বাস্তবতার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ১১ দলীয় জোটের ঐক্য ও রাজনৈতিক কর্মসূচি আগের মতোই দৃঢ়ভাবে এগিয়ে যাবে।
বিজ্ঞাপন
এমআর/এএস

