এবার গাজীপুরে ছাত্রদল নেতার হাতে নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিক্ষোভ মিছিল থেকে নির্বাচন ঘিরে বিএনপির অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদও জানাবে সংগঠনটি।
রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। মিছিলটি শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত অগ্রসর হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠে ছাত্রদল নেতা আশিকের বিরুদ্ধে। নিহতের রানী (৪৫) স্থানীয় ‘রানী ফ্যাশন গ্যালারি’র স্বত্বাধিকারী ছিলেন।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় নিহতের ছেলে হৃদয় (২২) গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টিএই/এএস

