রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

যেভাবে তৈরি করা হয়েছে বিএনপি নেতাদের সঙ্গে কথিত বৈঠকের ভুয়া ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

যেভাবে তৈরি করা হয়েছে বিএনপি নেতাদের সঙ্গে কথিত বৈঠকের ভুয়া ছবি
যেভাবে তৈরি করা হয়েছে বিএনপি নেতাদের সঙ্গে কথিত বৈঠকের ভুয়া ছবি। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি বিএনপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে একজন ব্যক্তির বৈঠকের ছবি দিয়ে নানা ধরনের ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়। যেখানে বিএনপি নেতাদের সঙ্গের ব্যক্তিকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর কথিত কর্মকর্তা বলে উল্লেখ করা হয়। তবে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত বাংলাদেশেরতথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে এই ছবিগুলো ভুয়া। আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) ব্যবহার করে এই ছবিগুলো তৈরি করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রিউমর স্ক্যানার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছে। এতে কিভাবে ভুয়া ছবিগুলো দিয়ে বৈঠক বলে প্রচার করা হয়েছে তাও তুলে ধরা হয়েছে পোস্টে।


বিজ্ঞাপন


রিউমর স্ক্যানার বলছে, বিএনপি নেতাদের সঙ্গে কথিত 'র' কর্মকর্তার সাক্ষাতের ভাইরাল ছবিগুলো ভুয়া। ভাইরাল হওয়া ৪টি ছবি বিশ্লেষণ করে এই বিষয়ে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার। এছাড়া ছবিগুলো তৈরি করতে কোন কোন উপাদান ব্যবহার করা হয়েছে এবং কোন প্রক্রিয়ায় করা হয়েছে সে সম্পর্কেও নিশ্চিত হওয়া গেছে।

প্রথম ছবির ব্যাখ্যায় বলা হয়েছে, দাবি অনুযায়ী প্রথম ছবিতে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী কথিত 'র' কর্মকর্তা কর্নেল গৌরব দোগরার সাথে হোটেল লবিতে কথা বলছেন। যেখানে আমীর খসরু নীল রঙের স্যুট এবং আকাশী রঙের শার্ট পরিধান করেছেন। অন্যদিকে গৌরব দোগরা রয়েছেন ঘিয়ে রঙের ফুল হাতা শার্টে। ছবির বামদিকে একজন ওয়েটারকে দেখা যাচ্ছে, অনুসন্ধানের সুবিধার্তে যাকে প্রথম ব্যক্তি হিসেবে অভিহিত করা হলো। আর ছবির স্থানটিকে প্রথম স্থান হিসেবে।

দ্বিতীয় ছবির কথা তুলে ধরা বলা হয়, দ্বিতীয় ছবিতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং কথিত 'র' কর্মকর্তা গৌরব দোগরা বসে আছেন। যেখানে আমীর খসরুকে ঘিয়ে রঙের শার্টে, মিন্টুকে আকাশী রঙের শার্টে এবং দোগরাকে প্রথম ছবির মত ঘিয়ে রঙের ফুল হাতা শার্টে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: হিন্দুদের নিরাপত্তায় আমিই হবো প্রথম শহীদ: মির্জা ফখরুল


বিজ্ঞাপন


অনুসন্ধান বলছে, ছবির ডানদিকে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যাকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে অভিহিত করা হলো। আর ছবির স্থানটিকে দ্বিতীয় স্থান হিসেবে। তৃতীয় ছবিতেও আমীর খসরু এবং কথিত গৌরব দোগরাকে দেখা যাচ্ছে। ছবিটিতে আবারো আমীর খসরুকে প্রথম ছবির মত নীল রঙের স্যুটে দেখা গেলেও কথিত গৌরব দোগরাকে এখানে দেখা যাচ্ছে সাদা রঙের হাফ হাতা শার্টে।

উল্লেখ্য, এই ছবির ডানদিকেও দ্বিতীয় ছবি বা দ্বিতীয় স্থানে থাকা সেই দ্বিতীয় ব্যক্তিকে দেখা যাচ্ছে একই অঙ্গভঙ্গিতে। তবে কথিত দোগরার মত তার শার্টও এখানে হাফ হাতা হয়ে গেছে।

এবার চতুর্থ এবং সর্বশেষ ছবিতে দেখা যায় আব্দুল আউয়াল মিন্টু এবং কথিত গৌরব দোগরাকে। মিন্টু এখানে রয়েছেন আকাশী রঙের ফুল হাতা শার্টে এবং দোগরা ঘিয়ে রঙের ফুল হাতা শার্টে। পূর্বের ন্যায়, এই ছবিতেও দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থানে থাকা সেই দ্বিতীয় ব্যক্তিটিকে দেখা যাচ্ছে একই অঙ্গভঙ্গিতে।

ছবিগুলো তৈরির উপাদান উল্লেখ করে বলা হয়েছে- চারটি ছবি থেকে নীল রঙের স্যুট, ঘিয়ে রঙের ফুল হাতা শার্ট, আকাশী রঙের ফুল হাতা শার্ট এবং সাদা রঙের হাফ হাতা শার্ট দেখা গেছে।  মূলত, ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে ২০১৮ সালের ২১ জুন তারিখে বিএনপি নেতাদের ভারত সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। উক্ত প্রতিবেদনে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবিরের একটি ছবি প্রকাশ করা হয়।  যে ছবিতে আব্দুল আউয়াল মিন্টু নীল রঙের স্যুট এবং আকাশী রঙের ফুল হাতা শার্টে ছিলেন। আর আমীর খসরু রয়েছেন ঘিয়ে রঙের ফুল হাতা শার্টে।

এতে বলা হয়েছে, ভাইরাল চারটা ছবি থেকে যে চারটা  রঙ ও ড্রেসকোড পাওয়া গিয়েছিল, সেখানের ৩ টি ড্রেসকোড ই এই সেই ছবি থেকে নেওয়া হয়েছে।  তবে একেক সময় একেক পোশাক ভিন্ন ব্যক্তিকে পরিধান করানো হয়েছে এআই ব্যবহার করে।

এতে আরও বলা হয়েছে, Indus Sentinel Grid নামের এক্স (সাবেক টুইটার) আইডি থেকে মূলত এই চারটি ছবি এবং দাবিগুলো সর্বপ্রথম প্রচার করা হয়। এক্স আইডির ওই ভিডিওতেই কথিত 'র' কর্মকর্তা গৌরব দোগরার একটি ছবি প্রকাশ করা হয় যেখানে তিনি সাদা হাফ হাতা শার্টে রয়েছেন।  রিউমর স্ক্যানার টিম দিল্লির The Oberoi হোটেলের রিভিউ সেকশন থেকে দুইটি ছবি খুঁজে পেয়েছে যেগুলোর সাথে ভাইরাল ৪ টি ছবির ব্যাকগ্রাউন্ড ও আসবাবপত্রের বিন্যাসের মিল রয়েছে।  মূলত, কথিত গৌরব দোগরার ওই ছবি, বিএনপি নেতাদের ২০১৮ সালের ছবি এবং The Oberoi হোটেলের দুইটি টি ছবি সমন্বয় করেই এই চারটি ছবি তৈরি করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, এক্সে প্রকাশিত ভিডিওটিতে কথিত গৌরব দোগরার যে ছবি দেওয়া আছে, সেখানে সাদা হাফ হাতা শার্ট পরিহিত অবস্থায় তার পকেটে একটি আইডি কার্ড দেখা যাচ্ছে।  এই ছবি থেকেই তৈরি হওয়ার কারণে তৃতীয় ছবি অর্থাৎ আমীর খসরু ও কথিত দোগরার হাফ হাতা শার্টে থাকা একমাত্র ছবিতেও ওই একই অবস্থানে আইডি কার্ডটি দেখা যাচ্ছে।  অর্থাৎ, উপরোক্ত অসঙ্গতিগুলো থেকে এটি নিশ্চিত যে ছবিগুলো আসল নয়।  পাশাপাশি, বিভিন্ন এআই টুলস দিয়ে যাচাই করে সর্বশেষ গুগলের SynthID তে আপলোড করে সেখান থেকে ফলাফল পাওয়া যায় যে, ছবিগুলোর বেশিরভাগ অংশই SynthID এআই টুল ব্যবহার করে তৈরি।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর