ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি-চাঁদাবাজদের বয়কট করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করবো। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আমরা এগিয়ে নিতে চাই। জাতি-ধর্ম নির্বিশেষে সবার প্রতি ইনসাফ কায়েম করা হবে। বিচার ব্যবস্থায় ইনসাফ কায়েম হলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত ইসলামিয়া সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় জামায়াত আমির এসব বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সিরাজগঞ্জের তাঁত শিল্পকে আবার জীবন্ত করে তোলা হবে। ২০২৪-২০২৫ অর্থ বছরে বাংলাদেশের গুড়া দুধের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে ৫ হাজার কোটি টাকার গুড়া দুধ কিনেছে অথচ সিরাজগঞ্জের খামারীরা দুধের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে অনেক সময় খামারিরা দুধ রাস্তায় ফেলে দেয়, খামারিদের প্রতি সরকার ও প্রশাসনের উপহাস। সিরাজগঞ্জের দুধ আর প্রয়োজনে আর ঢাকায় যাবেই না। সিরাজগঞ্জের উৎপাদিত দুধ সংরক্ষণ করে আধুনিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করে গুড়া দুধে পরিণত করে দেশের চাহিদা পূরণ করা হবে। এতে খামারিরা উৎসাহিত হবে এবং নতুন প্রসেস ইণ্ডাষ্ট্রিগুলো গড়ে উঠে বিপুল সংখ্যক যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি হবে।
বিজ্ঞাপন
জামায়াত আমির বলেন, আমরা স্বাস্থ্য খাতের উন্নতি করতে চাই। আমরা ক্ষমতায় গেলে মানসম্মত স্বাস্থ্য নীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতি করবো। সিরাজগঞ্জে নদী ভাঙনের কবলে পড়ে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ বাস্তহারা হয়ে পড়েন। নদী রক্ষার নামে স্লাব বসানো হয় ও ড্রেজিং করা হয়। সবকিছুতে চোর-ডাকাতের আনাগোনা থাকার কারণে ওইগুলো মানসম্মত না হওয়ার কারণে সব ধ্বসে যায় নদীতে। আমরা জাতির কাছে ওয়াদা করেছি, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। দেশ দুর্নীতিমুক্ত হলে আর নদী ভাঙন হবে না।
‘আমরা ক্ষমতায় গেলে অনিয়ম দুর্নীতি চুরি, চাঁদাবাজিকে প্রশ্রয় দেবো না। কেউ চাঁদাবাজি করলে তাদের শিকড় উপড়ে ফেলবো। আমরা দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতেও দেব না। আপনারা দুর্নীতিবাজদেরকে বয়কট করুন। এবারে নির্বাচনে আপনারা চাঁদাবাজদেরকে বয়কট করুন। জামায়াতসহ দশ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদেরকে ঘরে-বাইরে কর্মস্থলে সুরক্ষা দেবো। নারীদের উন্নয়নে কাজ করবো। যারা নারীদের নিয়ে মিথ্যা মায়াকান্না করেন তারাই নারীদের ক্ষতি করে থাকেন।’ বলেন জামায়াত আমির।
জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ) আসনের দশ দলীয় নির্বাচনি জোটের খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এনায়েতুল্লাহ আব্দুর রউফ ও সিরাজগঞ্জ-৫ (শাহজাদপুর) আসনের এনসিপি মনোনীত দশ দলীয় প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ, জেলা জামায়াতের নায়েবে আমির এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি) আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম, সিরাজগঞ্জ- ২ (সদর ও কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মওলানা মো জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে সমাবেশস্থলে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে দাঁড়িপাল্লার পক্ষে শ্লোগান দিতে দিতে জনসভাস্থলে পৌঁছান। দুপুর ২টার মধ্যেই জনসভাস্থল ইসলামিয়া সরকারি কলেজ মাঠ ও এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। ইসলামিয়া সরকারি কলেজ ও মাল্টিলেটারাল উচ্চ বিদ্যালয়ের আন্ডার গ্রাউন্ড মাঠে মহিলাদের বসার ব্যবস্থা করা হয়। জোহরের নামাজের পরপরই মহিলাদের স্প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শহরের বিভিন্ন সড়কের বিভিন্ন মোড় ও পয়েন্টে মাইকের হর্ণ স্থাপন করা হয়। সেই পয়েন্ট গুলোতেও লোজজন দাঁড়িয়ে জনসভার বক্তব্য শুনতে দেখা যায়।
প্রতিনিধি/ক.ম

