শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলার অভিযোগ বিএনপির 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

Fakhrul
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। 

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে ঘিরে দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব গুপ্ত হামলার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। 


বিজ্ঞাপন


কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। 

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৪২) গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন বলে জানানো হয়।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাঁপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা দেশে অরাজকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা ধরনের সহিংসতায় জড়িয়ে পড়ছে। তিনি বলেন, হাসান মোল্লার ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে, অন্যথায় তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের মানুষের জানমাল রক্ষা করতে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপর জোর দিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই ভয়শূন্য পরিবেশ সৃষ্টি করতে হবে।


বিজ্ঞাপন


বিবৃতিতে হাসান মোল্লাসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। একইসঙ্গে আহত হাসান মোল্লাসহ সবার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

এম/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর