ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তার আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। প্রচারের প্রথম দিনেই সাধারণ ভোটারদের ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রচারের সময় তিনি নির্বাচিত হলে বাস্তবমুখী পরিকল্পনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মিরপুর ১০ নম্বরের ‘সি’ ব্লকে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি গণসংযোগ শুরু করেন। আমিনুল হকের এই প্রচারণায় সংহতি প্রকাশ করে অংশ নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এছাড়া তার সাথে মাঠে ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আলফাজ, বেলাল, উজ্জ্বল ও জাহিদ পারভেজ চৌধুরীসহ একঝাঁক সাবেক ফুটবলার।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, ‘আমি এ এলাকারই সন্তান, এখানেই বড় হয়েছি এবং খেলাধুলা করেছি। এই এলাকার প্রতিটি অলিগলি আমার চেনা। আমি কোনো সস্তা প্রতিশ্রুতি দিতে আসিনি। দীর্ঘদিন মানুষের সাথে উঠান বৈঠক করে তাদের যে সমস্যাগুলো আমি শুনেছি, সেগুলো সমাধান করতেই আমার এই পরিকল্পনা। এটি কোনো ফাঁকা বুলি নয়, বরং ঢাকা-১৬ আসনকে নিয়ে আমার সুনির্দিষ্ট ইশতেহার।’
তিনি আরও যোগ করেন, ‘আমার এই পরিকল্পনাগুলো আমি একা করিনি, এলাকার সাধারণ মানুষের সাথে আলোচনা করেই চূড়ান্ত করেছি। ইনশাল্লাহ, আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের জয় হলে এই পরিকল্পনাগুলো আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।’
এরআগে সকালে আমিনুল হক মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। প্রচারকালে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় মিছিল ও গণসংযোগে মুখরিত হয়ে ওঠে পুরো মিরপুর এলাকা। সাধারণ ভোটারদের হাতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার লিফলেট তুলে দিয়ে প্রথম দিনের প্রচার সফলভাবে সম্পন্ন করেন সাবেক এই অধিনায়ক।
বিইউ/এএম




