বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

ভোট যুদ্ধে কার কত প্রার্থী?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ এএম

শেয়ার করুন:

ভোট যুদ্ধে কার কত প্রার্থী?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৯৮১ জন। এর মধ্যে বিএনপি-জামায়াতসহ ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র ২৪৯ জন। এই প্রার্থীরা ২৯৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের প্রার্থীরা আগামী ২৭ জানুয়ারির পর চূড়ান্ত তালিকায় যুক্ত হবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার পর ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের দেওয়া দলভিত্তিক প্রার্থীর সংখ্যা বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়। 

তথ্য বিশ্লেষণে দেখা যায়, দলভিত্তিক হিসাবে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির প্রার্থী সংখ্যা ২৮৮ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাদের প্রার্থী ২৫৩ জন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছেন ২২৪ জন। জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সংখ্যা ১৯২ জন। এছাড়া গণঅধিকার পরিষদের ৯০ জন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী ভোটের মাঠে আছেন। আর এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মোট ২৪৯ জন।

অন্যদিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকটি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। এর মধ্যে রয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। এছাড়াও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।

নির্বাচন কমিশনের তথ্যমতে, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর ৩ হাজার ৪১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঘোষিত সময় অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন ২ হাজার ৫৮০ জন। মনোনয়নপত্র বাছাই শেষে ১ হাজার ৮৫৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করলে ৬৪৫ জন আবেদন করেন, এর মধ্যে ৪৩৬ জন প্রার্থিতা ফিরে পান। তবে পাঁচজন বৈধ প্রার্থী পরবর্তী সময়ে বাদ পড়েন।

সবশেষ ২০ জানুয়ারির মধ্যে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। এতে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ভোটার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে আজ বৃহস্পতিবার থেকেই অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়বেন। 

কোনো দলের কত প্রার্থী ভোট যুদ্ধে

দলভিত্তিক হিসাবে এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী রয়েছেন ২৮৮ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিয়েছে ২৫৩ জন প্রার্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছে ২২৪ জন প্রার্থী নিয়ে। জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সংখ্যা ১৯২ জন। গণঅধিকার পরিষদ থেকে প্রার্থী রয়েছেন ৯০ জন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দিয়েছে ৬৫ জন প্রার্থী।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে প্রার্থী রয়েছেন ৩৯ জন। খেলাফত মজলিস দিয়েছে ৩৪ জন প্রার্থী। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) অংশ নিচ্ছে ৩০ জন প্রার্থী নিয়ে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) দিয়েছে ২৯ জন প্রার্থী। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট—উভয় দলের প্রার্থী রয়েছেন ২৬ জন করে।

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে প্রার্থী ২৩ জন। খেলাফত মজলিসের আরেক অংশ অংশ নিচ্ছে ২১ জন প্রার্থী নিয়ে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)—এই দুই দলের প্রার্থী সংখ্যা ১৯ জন করে।

গণফোরাম, জনতার দল এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) —প্রতিটি দল থেকে ১৯ জন করে প্রার্থী রয়েছেন। বাংলাদেশ কংগ্রেস দিয়েছে ১৮ জন প্রার্থী। গণসংহতি আন্দোলনের প্রার্থী সংখ্যা ১৭ জন।

বাংলাদেশ লেবার পার্টি ও আমজনতার দল— এই দুই দল থেকে প্রার্থী রয়েছেন ১৫ জন করে। বাংলাদেশ মুসলিম লীগ দিয়েছে ১৩ জন প্রার্থী।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)—উভয় দলের প্রার্থী রয়েছেন ১২ জন করে। নাগরিক ঐক্য ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)—এই দুই দলের প্রার্থী সংখ্যা ১১ জন করে।

জাতীয় পার্টি (জেপি) দিয়েছে ১০ জন প্রার্থী। বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)— প্রতিটি দল থেকে ৮ জন করে প্রার্থী রয়েছেন।

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাকের পার্টি— এই দুই দলের প্রার্থী রয়েছেন ৭ জন করে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)—উভয় দলের প্রার্থী সংখ্যা ৬ জন করে।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণফ্রন্ট—দুটি দল থেকেই প্রার্থী রয়েছেন ৫ জন করে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিয়েছে ৪ জন প্রার্থী। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে প্রার্থী রয়েছেন ৪২ জন। এছাড়াও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), গণতন্ত্রী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)—প্রতিটি দল থেকে একজন করে প্রার্থী রয়েছেন।


এমএইচএইচ/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর