শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রতীক পেলেন প্রার্থীরা, নামছেন প্রচারযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

প্রতীক পেলেন প্রার্থীরা, নামছেন প্রচারযুদ্ধে
প্রতীক পেলেন প্রার্থীরা, নামছেন প্রচারযুদ্ধে। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ২৯৮টি নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বী ১ হাজার ৯৭৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দ শেষ হওয়ায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন।

বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ আসনে প্রতীক বরাদ্দ দেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, প্রতীক বরাদ্দের পর প্রতিটি আসনে কতজন প্রার্থী রয়েছেন, সে তথ্য ইসিকে জানানো হবে। সেই অনুযায়ী প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হবে। বৃহস্পতিবার থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হতে পারে।


বিজ্ঞাপন


ইসির তথ্যমতে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ২৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৯৭৩ জন প্রার্থী। এর আগে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮০টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৫৫টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৫টি বাতিল হয়। বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করলে ৪৩৭ জন প্রার্থিতা ফিরে পান।

মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমার মধ্যে সারাদেশে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

ইসির আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে থেকে নির্বাচনী প্রচার শুরু করা যাবে এবং ভোটের আগের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করতে হবে। সে অনুযায়ী বৃহস্পতিবার থেকে প্রচার শুরু হয়ে ভোটের দুই দিন আগে পর্যন্ত চলবে।


বিজ্ঞাপন


তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর