শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

সিলেট থেকেই প্রচার শুরু, বাবা-মায়ের ধারাবাহিকতায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

BNP Tarek Rahman

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ঐতিহ্য অনুযায়ী হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট থেকে এবারের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হচ্ছে।

আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণার শুরু জন্য আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। রাতেই হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।


বিজ্ঞাপন


সিলেট বিএনপি সূত্র জানায়, সিলেটে বিশাল জনসভার আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। ওই জনসভায় সিলেটের ৬টি এবং সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেবেন তারেক রহমান। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি।

দলের চেয়ারম্যানের আগমনকে ঘিরে সিলেট নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মহানগরীসহ আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। প্রথম নির্বাচনী জনসভায় প্রায় তিন লাখ বা তারও বেশি নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটতে পারে বলে দলটির ধারণা।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তারেক রহমানকে বরণ করে নিতে সিলেটবাসী অধীর অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা।


বিজ্ঞাপন


বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরাবরই সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করতেন। তারেক রহমানও সেই ধারাবাহিকতা বজায় রেখে সিলেট থেকেই প্রচার শুরু করছেন।’

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে জনসভা শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে সিলেট সফরে যান তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

এএইচ/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর